বদলে গেছে কেবিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কৌন বনেগা ক্রোড়পতি ৮’ অনুষ্ঠানে অমিতাভ বচ্চনের (মাঝে) সঙ্গে আদিত্য রায় কাপুর ও পরীণিতি চোপড়া
‘কৌন বনেগা ক্রোড়পতি ৮’ অনুষ্ঠানে অমিতাভ বচ্চনের (মাঝে) সঙ্গে আদিত্য রায় কাপুর ও পরীণিতি চোপড়া

নতুন রূপে আসছে রিয়েলিটি গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ৮’ (কেবিসি)। কোনো সিরিয়াস ভাব নয়, হাসি আর আড্ডা দিয়ে সাজানো হয়েছে প্রতিটি পর্ব।তৃতীয়টি (শাহরুখ খান) বাদে সব কটি পর্বের সঞ্চালনা করেছেন অমিতাভ বচ্চন। এবার তিনি নিজেকে উপস্থাপন করছেন নতুনভাবে।গুরুগম্ভীর কিংবা রাশভারি কথা নয়, তা থেকে বেরিয়ে এসেছেন তিনি। এরই মধ্যে সুরাটে ধারণ করা হলো ‘কৌন বনেগা ক্রোড়পতি ৮’-এর প্রথম পর্ব। মঞ্চের সামনে বসে ছিলেন হাজার খানেক দর্শক। এদিন ভক্তদের সঙ্গে নাচ-গান করেন অমিতাভ।
‘কৌন বনেগা ক্রোড়পতি ৮’-এর প্রথম পর্বে অমিতাভের সঙ্গে হটসিটে বসলেন ‘কমেডি নাইটস উইথ কপিল’ অনুষ্ঠানের কপিল শর্মা। হাসিঠাট্টা দিয়ে তিনি জমিয়ে রাখেন পুরো পর্বটি। অনুষ্ঠান শেষে অমিতাভ টুইট করেন, ‘কপিল শর্মাকে ধন্যবাদ অসাধারণ একটি শো উপহার দেওয়ার জন্য।’
‘কৌন বনেগা ক্রোড়পতি ৮’-এর প্রথম পর্বে নরেন্দ্র কুমার আহমাদের ডিজাইন করা নীল রঙের ব্লেজার পরেন অমিতাভ। সঙ্গে ফরমাল ট্রাউজার্স। পরের পর্বে হটসিটে বসলেন আদিত্য রায় কাপুর ও পরিণীতি চোপড়া। এই ছবি টুইটারে পোস্ট করেছেন অমিতাভ।
এবার লাইফলাইনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। বিশেষজ্ঞের লাইফলাইনে একজনের বদলে তিনজনের একটি প্যানেল থাকছে। আর তাঁরা বসছেন দর্শকদের মাঝেই। এই লাইফলাইনের নাম ‘ত্রিগুণা’। যোগ করা হয়েছে আরও একটি লাইফলাইন, নাম ‘কোড রেড’। প্রতিযোগীর পরিবারের সদস্যরা যদি মনে করেন যে কোনো সময় প্রতিযোগীকে খেলা ছেড়ে উঠে আসা উচিত, তাহলে সামনে থাকা ‘বাজার’ বাজিয়ে তা তাঁরা জানাতে পারবেন।
‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানটি তৈরি করছে বিগ সিনার্জি প্রোডাকশনস। আর তা প্রচারিত হচ্ছে সনি চ্যানেলে (প্রথম তিনটি পর্ব প্রচারিত হয়েছিল স্টার প্লাসে)। নির্মাতা প্রতিষ্ঠানের মতে, প্রথম পর্ব থেকেই এই অনুষ্ঠানে গম্ভীর ভাব ছিল। এবার চ্যানেল কর্তৃপক্ষ তাতে মজার কিছু যোগ করার সিদ্ধান্ত নিয়েছে। সেভাবেই তৈরি হচ্ছে এই রিয়েলিটি গেম শোর এবারের পর্বগুলো।
সনি চ্যানেলে ১৭ আগস্ট থেকে শুরু হচ্ছে ‘কৌন বনেগা ক্রোড়পতি ৮’। কেবিসিঅফিশিয়াল.ব্লগস্পট.কম।