বদলে গেল 'কমলিকা', এসেছে নতুন ভিলেন

একতা কাপুর টুইটারে লিখেছেন, ‘নতুন কমো!!!??? কিন্তু কে?’ কয়েক ঘণ্টার মধ্যেই ফিরতি টুইট বার্তায় আমনা শরিফ লিখেছেন, ‘অনেক শুভেচ্ছা।’ তখন অনেকেই ধরে নেন, ‘কসৌটি জিন্দেগি কে টু’ সিরিয়ালের ভিলেন ‘কমলিকা’ চরিত্রটি বদলে যাচ্ছে। তবে সব জল্পনা শেষ করে দেন এই সিরিয়ালের প্রযোজক একতা কাপুর। টুইটারে তিনি লিখেছেন, ‘আমরা নতুন কমলিকাকে পেয়ে গেছি। তিনি খুব জনপ্রিয়। এর আগে আমার একটি শোতে গুরুত্বপুর্ণ ভূমিকা রেখেছেন।’
এরপর স্পটবয় নিশ্চিত করেছে, ‘কসৌটি জিন্দেগি কে টু’ সিরিয়ালে নতুন ‘কমলিকা’ হয়ে আসছেন আমনা শরিফ। এই অনলাইন নিউজ পোর্টালকে তিনি বললেন, ‘যখন আমাকে এই চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়, তখনই বুঝেছি, একটা বড় চ্যালেঞ্জ নিতে যাচ্ছি।’ এত দিন এই চরিত্রে অভিনয় করেছেন হিনা খান।

‘কসৌটি জিন্দেগি কে’ সিরিয়ালটি স্টার প্লাসে শুরু হয়েছিল ২০০১ সালের ২৯ অক্টোবর, শেষ হয় ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি। ছোট পর্দার দর্শক তৈরিতে তখন সিরিয়ালটি দারুণ ভূমিকা রেখেছে। প্রতিদিন সন্ধ্যায় শুধু ভারত নয়, বাংলাদেশেও অসংখ্য দর্শক অপেক্ষা করে থাকতেন নতুন পর্ব দেখার জন্য। গত বছর ২৫ সেপ্টেম্বর রাত ৯টায় (বাংলাদেশ সময়) স্টার প্লাসে আবার শুরু হয় সিরিয়ালটি। প্রথমটির মতো ‘কসৌটি জিন্দেগি কে টু’ সিরিয়ালও এখন খুবই জনপ্রিয়।
আমনা শরিফ এর আগে স্টার প্লাসের ‘কাহি তো হোগা’ (২০০৩–০৭), সনি এন্টারটেইনমেন্ট চ্যানেলে ‘হোঙ্গে জুদা না হাম’ (২০১২–১৩) আর লাইফ ওকের ‘এক থি নায়িকা’ (২০১৩) সিরিয়ালে অভিনয় করেন। পেয়েছেন স্টার পরিবার অ্যাওয়ার্ডস, ইন্ডিয়ান টেলি অ্যাওয়ার্ডস, লায়নস গোল্ড অ্যাওয়ার্ডসসহ আরও অনেক পুরস্কার। অভিনয় করেছেন চলচ্চিত্রেও।

অনেক দিন আমনা শরিফকে পর্দায় দেখা যায়নি। এ ব্যাপারে স্পটবয়কে তিনি বললেন, ‘আমার ব্যক্তিগত জীবনকে গুছিয়ে নেওয়ার জন্য কিছুদিন ব্রেক নিয়েছিলাম। এরপর ভাবছিলাম, নতুন করে শুরুটা যদি উল্লেখযোগ্য হতো। আসলে আমি দর্শককে চমকে দিতে চেয়েছিলাম।’
এর আগে ‘কসৌটি জিন্দেগি কে টু’ সিরিয়াল থেকে সরে যাওয়া প্রসঙ্গে নিউজ এইটিন, ডিএনএ আর টেলি চক্করকে হিনা খান বলেছেন, ‘ব্যক্তিগত কারণে আমি সরে যাচ্ছি।’
তবে হিনা খানের ঘনিষ্ঠজন সংবাদমাধ্যমকে জানিয়েছে, হিনা খান চলচ্চিত্রে ব্যস্ত হচ্ছেন। এরই মধ্যে তাঁর হাতে কয়েকটি ছবি জমা হয়েছে। এ কারণেই একতা কাপুরের সঙ্গে আলোচনা করে ‘কসৌটি জিন্দেগি কি টু’ সিরিয়াল থেকে তিনি বিদায় নিয়েছেন। এ বছরই মুক্তি পাবে তাঁর প্রথম ছবি ‘লাইনস’। তাঁর আরেকটি ছবি মুক্তি পাওয়ার কথা আছে। এই ছবির নাম ‘সোলমেট’। এ ছাড়া পরিচালক বিক্রম ভাটের নারীকেন্দ্রিক একটি ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন। এরই মধ্যে তাঁদের আলোচনা চূড়ান্ত হয়েছে। এ কারণেই নাকি তাঁকে তাড়াহুড়ো করে সিরিয়াল থেকে সরে যেতে হলো।

কিন্তু বম্বে টাইমসকে হিনা খান জানিয়েছেন, তিনি ‘কসৌটি জিন্দেগি কে টু’ সিরিয়াল ছাড়ছেন না। শুধু কয়েক মাসের বিরতি নিচ্ছেন। বলেছেন, ‘যখনই আমার প্রয়োজন হবে, আমি এই সিরিয়ালে ফিরে আসব।’
হিনা খান ছিলেন স্টার প্লাসে প্রচারিত জনপ্রিয় সিরিয়াল ‘ইয়ে রিস্তা কেয়া কেহলাতা হ্যায়’-এর অক্ষরা। ‘বিগ বস ১১’ প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম রানারআপ হয়েছেন। এই রিয়েলিটি শো তাঁকে জনপ্রিয়তা এনে দেয়। কিন্তু ছোট পর্দার দর্শক ‘বউ’ হিসেবেই তাঁকে বেশি চেনেন।