বর্ণাঢ্য আয়োজনে আরটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো আরটিভির দশম বর্ষে পদার্পণ অনুষ্ঠান। দেশের টেলিভিশন ও মিডিয়ার সঙ্গে জড়িত কর্মকর্তা, তারকা, কণ্ঠশিল্পী, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ বিভিন্ন ঘরানার মানুষের উপস্থিতিতে গতকাল শুক্রবার সকাল থেকেই বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে আরটিভির জন্মদিন।
আরটিভি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় উৎসবের প্রথম প্রহর। জন্মদিন উপলক্ষে শুক্রবার সারা দিন রাজধানীর তেজগাঁওয়ে আরটিভির বেঙ্গল স্টুডিও শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের মিলনমেলায় পরিণত হয়। স্টুডিও প্রাঙ্গণজুড়ে বসানো হয় নানা রকম স্টল। স্টুডিওতে চলতে থাকে সাংস্কৃতিক নানা আয়োজন। মঞ্চ পরিবেশায় অংশ নেন দেশের জনপ্রিয় শিল্পীরা।
আরটিভির দশম বর্ষে পদার্পণ উপলক্ষে দর্শক, কেবল অপারেটর, বিজ্ঞাপনদাতা, সংবাদকর্মী এবং বাংলা ভাষাভাষী সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আরটিভির চেয়ারম্যান মোর্শেদ আলম।