
বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘রবীন্দ্র মেলা’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আইয়ের চেতনা চত্বরে আয়োজন করা হয় ‘১৩তম ইগলু-চ্যানেল আই রবীন্দ্র মেলা’। বেলুন উড়িয়ে মেলা উদ্বোধন করেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, নাট্যজন আতাউর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, সংগীতজ্ঞ আজাদ রহমান, মুক্তিযোদ্ধা মেজর (অব.) কামরুল ইসলাম ভূঁইয়া, কবি ও সংসদ সদস্য কাজী রোজী, অভিনেত্রী আফসানা মিমি, রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী, ইগলুর প্রধান নির্বাহী জিএম কামরুল হাসান। আরও উপস্থিত ছিলেন রবীন্দ্রসংগীতশিল্পী লিলি ইসলাম, তপন মাহমুদ, আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলাম, ছড়াকার আসলাম সানী, চলচ্চিত্রকার আবু সাইয়ীদ প্রমুখ।
এবার রবীন্দ্র মেলায় আজীবন সম্মাননা পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, বিশিষ্ট অর্থনীতিবিদ ও রবীন্দ্র গবেষক আতিউর রহমান। তাঁর হাতে আজীবন সম্মাননার ৫০ হাজার টাকার চেক, ক্রেস্ট, সম্মাননাপত্র আর উত্তরীয় তুলে দেন ফরিদুর রেজা সাগর ও শাইখ সিরাজ। এরপর আতিউর রহমান বলেন, ‘এখন যে সময় পার করছি, এই সময় যদি রবীন্দ্রনাথকে আমরা তরুণদের মধ্যে যথাযথভাবে ছড়িয়ে দিতে পারি, রবীন্দ্রনাথের চর্চা বাড়ানো সম্ভব হয়, তাহলে ভবিষ্যতেও বাঙালির মননে রবীন্দ্রনাথ বেঁচে থাকবেন।’

রবীন্দ্র মেলায় রেজওয়ানা চৌধুরীর রবীন্দ্রসংগীতের অডিও অ্যালবাম ‘বনে এমন ফুল ফুটেছে’, শিমু দের অ্যালবাম ‘সাগর পাড়ের সুর’ এবং সেরা কণ্ঠ কোনালের রবীন্দ্রসংগীতের ভিডিও আর্ট ‘একলা চলো রে’ অবমুক্ত করেন শাইখ সিরাজ, ইফফাত আরা দেওয়ান, আফসানা মিমি ও আজিজুর রহমান তুহিন।
রবীন্দ্র মেলার শুরুতেই ছিল ‘আজি দখিনা দুয়ার খোলা’ গানের সঙ্গে নাচ। অনুষ্ঠানে অংশ নিয়েছে সুরের ধারা, সুর লহরী, সুরতীর্থ, উত্তরায়ণ প্রভৃতি। ছিল বাহারি স্টল, গান-নাচ-আবৃত্তি আর শিশু-কিশোরদের চিত্রাঙ্কন।
ফরিদুর রেজা সাগর বলেন, ‘তরুণ প্রজন্ম যত বেশি রবীন্দ্রনাথকে ভালোবাসবে, দেশকে ভালোবাসবে, তত দ্রুত দেশ সাফল্যের সোপানে আরোহণ করবে।’
শাইখ সিরাজ বলেন, ‘সাহিত্যের সর্বক্ষেত্রে বিচরণকারী রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির মানস ও রুচিগঠনে অনন্য ভূমিকা পালন করেছেন। তার পল্লি, কৃষি ও স্বাস্থ্যভাবনা বিস্ময়কর—যা সময়ের তুলনায় যোজন যোজন অগ্রগামী।’
গোলাম কুদ্দুস বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন মানে বাঙালির জন্মদিন। বাঙালির জীবনের সবকিছুতে রবীন্দ্রনাথ মিশে গেছেন। মিশে থাকবেন। রবীন্দ্রনাথ আর বঙ্গবন্ধুর অনুপ্রেরণায় সৃষ্টি হয়েছে বাংলাদেশ।’
আতাউর রহমান রবীন্দ্রনাথের ‘বাংলার মাটি-বাংলার জল’ মঞ্চনাটক নির্দেশনা দিয়েছেন জানিয়ে বলেন, তিনি বাংলার কবি, বাংলাদেশের কবি। তাঁর হৃদয় ও কাব্য-গীতিশক্তি বাংলাদেশের মাটি-জলে পুষ্ট।
অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই। উপস্থাপনা করেছেন অপু মাহফুজ ও মৌসুমী বড়ুয়া।
