বর্ষবরণের নতুন রীতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিশা
তিশা

নতুন বছরের প্রথম তিন দিন দারুণ ব্যস্ত থাকবেন তিশা। ঘটনাটি অবশ্য নতুন নয়, গত তিন বছর ধরে এমনটিই হচ্ছে। এবার ঘটবে চতুর্থবারের মতো।
বোঝা গেল কিছু?
না। ব্যাপারটা পরিষ্কার করলেন নির্মাতা সাগর জাহান। গত তিন বছর ধরে জানুয়ারির এক থেকে তিন তারিখে একটি করে একক নাটকের শুটিং করেন তিনি! এটাই নাকি তাঁর কাছে বর্ষবরণের নতুন রীতি।
এমন ঘটনা হয়তো আরও থাকতে পারে। কিন্তু মজার তথ্য তো আরও আছে! সাগর জাহানের এ ধরনের প্রত্যেকটি নাটকেই অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। জানুয়ারির প্রথম দিনগুলোয় শুটিং-এর পর নাটক গুলো প্রচারিত হয়েছে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, ফেব্রুয়ারি মাসে ভালোবাসা দিবসের অনুষ্ঠানমালায়।
অভিনেত্রী তিশা বললেন, ‘প্রথম নাটকটি করার পর নির্মাতা সাগর জাহানের প্রস্তাবে এখন প্রতি বছর এভাবেই শুরু হয় বছরটা। ইচ্ছা আছে, সবকিছু ঠিক থাকলে সামনেও এটি চালিয়ে যাওয়ার।’
সাগর পরিচালিত ও তিশা অভিনীত আগের নাটকগুলো হলো আংটি (২০১৩, এনটিভি), নীল ভালোবাসা (২০১৪, বাংলাভিশন) ও ময়ূরাক্ষীর হাতে কাগজের বারান্দা (২০১৫, বৈশাখী টিভি)।

সাগর জাহান
সাগর জাহান

এবারের নাটকে তিশার বিপরীতে অভিনয় করবেন আফরান নিশো। এখন পর্যন্ত নাটকের নাম ‘নীল চোখ’। কোথায় দেখানো হবে সেটিও ঠিক হয়নি।
আর নাটকের গল্প?
সাগর জাহান বললেন, ‘একজন স্ট্রিট সিঙ্গার ও বিদেশ-ফেরত মেয়ের জীবনের গল্প এটি।’