বাঁধনের কলকাতা যাত্রা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঁধন
বাঁধন

কাজ করতে করতে একঘেয়েমিতে পেয়ে বসেছিল অভিনেত্রী বাঁধনকে। তা থেকে খুঁজছিলেন একটু মুক্তি। অবশেষে সেই মুক্তির সন্ধানে গেলেন কলকাতায়।
একঘেয়েমি কাটাতে বাঁধন সাত দিন থাকবেন সেখানেই। বাঁধনের এই সফরে সঙ্গী হয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।
হঠাৎ কলকাতা যাওয়া প্রসঙ্গে বাঁধন বললেন, ‘শেষ কয়েক মাস টানা নাটকের শুটিং করতে হয়েছে। একটানা কাজ করতে করতে জীবনটাই যেন একঘেয়ে হয়ে যাচ্ছিল। কিছু দিন ধরেই ভাবছিলাম, দূরে কোথাও যাব। সবকিছু মিলিয়ে এই সময়টায় কলকাতা যাওয়াটাকে আমার বেশি যৌক্তিক মনে হলো। সব ঠিকঠাক হলেও ভারতের ভিসার জন্য অবশ্য কিছুদিন দৌড়ঝাঁপ করতে হলো। ভিসা হাতে পাওয়ামাত্র মনে হলো সোনার হরিণ পেলাম। ’
বাঁধন বললেন, ‘এখন আপন মনে কয়েকটা দিন কাটানোর পর দেশে ফিরেই আবার কাজ শুরু করব। কয়টা দিন একঘেয়েমি থেকে দূরে যেতে চাই। ’
বাঁধন আরও বলেন, ‘ঘোরাফেরার পাশাপাশি কেনাকাটা করার জন্য কলকাতা চমৎকার একটি জায়গা। অল্প বাজেটে ঘোরাফেরার জন্য কলকাতা খুব সুন্দর একটা জায়গা। এ ছাড়া মেয়েদের কেনাকাটার জন্য কলকাতার কোনো তুলনা নেই। ’

সম্প্রতি বাঁধন নতুন একটি নাটকের কাজ শেষ করেছেন। আইসক্রিম ও অনুভূতি নামের এই নাটকটির পরিচালনা করছেন কায়সার আহমেদ। এতে বাঁধন অভিনয় করেছেন রিয়াজের বিপরীতে।