বাঁধনের ফেসবুকে কে এই রমণী!

বাঁধনের ফেসবুকের ওয়ালে ছবিটি দেখে থমকে গেছেন তাঁর বন্ধুরা। কার ছবি এটা! অনুসন্ধিৎসু চোখে দেখলে বোঝা যায় এটি স্বয়ং অভিনেত্রী বাঁধন। একেবারে অন্য রকম এক হেয়ার-স্টাইলের নিচে ঢাকা পড়েছে চিরচেনা মিষ্টি মেয়েটি। তাঁকে লাগছে খানিকটা বিদেশিনীর মতো।
চুলের এই স্টাইল কেন? জানতে চাইলে বাঁধন জানালেন, নতুন একটি ধারাবাহিকের জন্য চুলের এই স্টাইল। ‘আমি তুমি সে’ নামের ওই নাটকটি পরিচালনা করছেন মাইনুল ইসলাম খোকন।
কে করল তাঁর এই হাল! কে সেই রূপসজ্জাশিল্পী? বাঁধন বললেন, ‘এই স্টাইলের মেক আপ আর্টিস্ট আমি নিজে। সবাই যে আমাকে চিনতে পারছেন না, এটা দেখে আমি খুব মজা পাচ্ছি।’
‘আমি তুমি সে’ নাটকে বাঁধনকে দেখা যাবে একটি বিজ্ঞাপনী সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তার চরিত্রে। চরিত্রটির নাম জেরিন। বাঁধন বলেন, ‘শুরুতে আমি বহুজাতিক বিজ্ঞাপনী সংস্থার নারী কর্মী। একটা সময় পর আমি নিজেই মডেল হয়ে যাই। এরই মধ্যে ঘটতে থাকবে নানা ঘটনা। চমৎকার একটি গল্প। নাটকটি দর্শকের ভালো লাগবে।’
লাক্স-চ্যানেল আই সুপারস্টার ও অভিনয়শিল্পী আজমেরী বাঁধন প্রথম অভিনয় করেন হুমায়ূন আহমেদের নাটকে। ২০০৬ সালে প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসার সাত দিনের মাথায় নাটকটির শুটিংয়ে অংশ নেন তিনি। ‘বুয়া বিলাস’ নামের সেই নাটকের মধ্য দিয়ে আলোচনায় আসেন বাঁধন। ১০ বছরের অভিনয়জীবনে কাজ করেছেন অনেকগুলো নাটক আর টেলিছবিতে।