বাঁধনের সারাবেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়ে সায়রার সঙ্গে অভিনয়শিল্পী বাঁধন
মেয়ে সায়রার সঙ্গে অভিনয়শিল্পী বাঁধন

সাড়ে তিন বছরের মেয়ে সায়রাকে নিয়েই সারাবেলা কাটে অভিনয়শিল্পী বাঁধনের। অভিনয়ের ব্যস্ততায় কাজের দিনগুলোতে সময় সেভাবে দিতে না পারলেও ছুটির দিনের পুরোটাই মেয়ের জন্য বরাদ্দ। মেয়ের নাওয়া-খাওয়া, বেড়ানো, সাধ-আহ্লাদ পূরণ যতটুকু সম্ভব নিজের হাতেই করতে চান মা বাঁধন। বাঁধন জানান, অভিনয়শিল্পীরা সন্তানকে সময় দিতে পারেন না বলে যে ধারণা আছে তা আসলে ঠিক নয়।

শুটিংয়ের সময় প্রয়োজনীয় কাপড়-চোপড় গুছিয়ে শুটিংবাড়ির দিকে রওনা দিতে হয় বাঁধনকে। ব্যস্ত হয়ে যান শুটিং নিয়ে। তবে ছুটির দিনে বাঁধনের ব্যস্ততা শুধুই সন্তানকে ঘিরে। বাঁধন বললেন, ‘আমি সবদিন একই সময়ে ঘুম থেকে উঠি। সকালে উঠে প্রথমেই সায়রার নাশতা তৈরি করি। অবশ্যই তা সায়রার পছন্দমতো। আমি নিজ হাতেই তা করি। এরপর সায়রা বাসায় খেলাধুলা নিয়ে ব্যস্ত হয়ে যায়। আমি তখন বাসা গোছানোর কাজ করি। কয়েকদিন একটানা শুটিং ব্যস্ততায় বাসাটা অগোছালো থাকে। তা এদিকটায়ও আমাকে খেয়াল রাখতে হয়। সারা দিনের রান্নাবান্না এবং সায়রার গোসল করানো থেকে শুরু করে সব আমি নিজে হাতেই করতে ভালোবাসি। আমি পুরো ব্যাপারটি খুব উপভোগ করি।’

মেয়ে সায়রার সঙ্গে অভিনয়শিল্পী বাঁধন
মেয়ে সায়রার সঙ্গে অভিনয়শিল্পী বাঁধন



ছুটির দিনে একমাত্র মেয়ে সায়রাকে নিয়ে ঘুরে বেড়াতেও বের হন বাঁধন। আর তা সন্তানের পছন্দের ওপর নির্ভর করে। বাঁধন বললেন, ‘আমার মেয়ে সায়রা বাইরে খেতেও পছন্দ করে। এ ক্ষেত্রে তার সবচেয়ে ভালো লাগে কেএফসি। এখানে বাচ্চাদের খেলাধুলার একটা কর্নার আছে। খাওয়ার পাশাপাশি এ বিষয়টি সায়রাকে বেশ আকৃষ্ট করেছে। এ ছাড়া মিরপুর ডিওএইচএসে একটি সুন্দর পার্ক আছে। এখানে সাধারণ মানুষদের প্রবেশ নিষেধ। মেয়েকে নিয়ে এখানে ঘুরে বেড়াতেও ভালো লাগে।’

বাঁধন প্রচুর ছবি দেখতে পছন্দ করেন। ছবি দেখার ক্ষেত্রে একসময় নিজের ভালো লাগা প্রাধান্য পেলেও এখন মেয়ের পছন্দের ছবি দেখে আনন্দিত হন তিনি। বললেন, ‘অ্যানিমেটেড মুভি দেখে সায়রা খুব মজা পায়। তাই তাকে নিয়ে ছবি দেখার সময় অ্যানিমেটেড মুভি দেখি বেশি। আর নিজে যখন দেখি তখন শাহরুখ খানের ছবিই বেশি দেখি। কারণ, শাহরুখ খান আমার সবচেয়ে পছন্দের একজন অভিনয়শিল্পী। তাঁর সব ছবিই আমার দেখা। এ ছাড়া আমি অন্য সব ছবিও দেখি। বাংলাদেশি এবং হলিউডের ছবি কোনোটাই বাদ যায় না। আমার কাছে মনে হয়, ছবি দেখে আমি অনেক কিছুই শিখতে পারি; যা আমার অভিনয়ের ক্ষেত্রেও বেশ সহযোগিতা করে।’

মেয়ে সায়রার সঙ্গে অভিনয়শিল্পী বাঁধন
মেয়ে সায়রার সঙ্গে অভিনয়শিল্পী বাঁধন

অবসরে গল্প ও উপন্যাস পড়তেও ভালোবাসেন বাঁধন। একসময় হ‌ুমায়ূন আহমেদ, জাফর ইকবাল ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখার প্রতি বেশি আসক্তি থাকলেও এখন তাতে কিছুটা ভাটা পড়েছে। সেই জায়গাটা এখন ভাগ বসিয়ে মেয়ে সায়রা। বাঁধনের মেয়ে সায়রার গল্প শুনতে ভালো লাগে। মেয়েকে গল্প শোনানোর কাজটি মা বাঁধন করতে পেরেও আনন্দিত। বললেন, ‘যখনই মা-মেয়ে একসঙ্গে থাকি বিভিন্ন ধরনের গল্প বলি। ছড়া শোনাই। আরও নানা বিষয়ে কথা বলি। আমি আমার মেয়ের সঙ্গে কথা বলতেই বেশি ভালোবাসি। অনেক বাচ্চা দেরিতে কথা বলে, তবে আমার মেয়ে কিন্তু খুব তাড়াতাড়িই কথা বলতে শিখেছে। আর তা শুধুই আমি তার সঙ্গে কথা বলার জন্যই হয়েছে বলে মনে হয়।’

২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজে ক্যারিয়ার শুরু করেন আজমেরী হক বাঁধন। ২০০৯ সালে তিনি বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে পড়াশোনা শেষ করেছেন দন্ত চিকিৎসক হিসেবে।