বাঁধনের হোমওয়ার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঁধন
বাঁধন

চরিত্রের খাতিরে কত কীই-না করতে হয় শিল্পীকে। চরিত্রে বৈচিত্র্য আর বাস্তবতার ছায়া ধরে রাখতে অনেক চড়াই-উতরাই পেরোতে হয় তাঁদের। এবার তেমনই এক চরিত্রের জন্য লাক্স তারকা বাঁধন পোড়ালেন অনেক কাঠখড়। মুগলি নামের একটি নাটকে নিজ চরিত্র ফুটিয়ে তোলার জন্য দীর্ঘ সময় পার করলেন বস্তিতে। এ জন্য সাহায্য নিলেন বাড়ির গৃহপরিচারিকার।
এক ঘণ্টার ওই নাটকে বাঁধনকে দেখা যাবে সারোগেট মায়ের চরিত্রে। যাঁর কাজ নিজ গর্ভে অন্য দম্পতির সন্তান ধারণ করা। এ ধরনের চরিত্রে এর আগে অভিনয় করা হয়নি বাঁধনের। চরিত্রটি নিয়ে তিনি বলেন, ‘একসময় শুধুই গ্ল্যামারাস চরিত্রে অভিনয়ের কথা ভাবতাম। এখন আর ভাবি না। এখন শুধু ভালো অভিনয় করতে চাই। এ নাটকের চরিত্রটি নিয়ে বিশেষভাবে কাজ করার অনেক সুযোগ ছিল। ফলে কাজটি করেছি।’ বাঁধন জানান, নাটকে তাঁকে বস্তিতে বসবাস করতে দেখা যাবে। চরিত্রটি করার আগে তিনি তাঁর বাড়ির গৃহপরিচারিকার সহযোগিতা নেন। দুই দিন আগারগাঁওয়ের বস্তিতে সময় পার করেন। অভিনয়ের আগে এই হোমওয়ার্কগুলো শিল্পীকে আরও তীক্ষ্ণ করে বলে মনে করেন বাঁধন।
এরই মধ্যে মুগলি নাটকের শুটিং শেষ হয়েছে। এটি রচনা ও পরিচালনা করেছেন আমিরুল ইসলাম। নির্মাতা জানিয়েছেন, নাটকটি এনটিভিতে প্রচার হতে পারে।
বাঁধন একই সঙ্গে বেশ কয়েকটি নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। শুটিং চলছে সাপলুডু, জীবনের গল্প, ঘোমটা, দলছুট প্রজাপতিসহ বেশ কিছু নাটক ও টেলিফিল্মের।