বাংলাদেশের নাটকে সমরেশ মজুমদার

বাংলাদেশের নাটকে অভিনয় করলেন কলকাতার প্রখ্যাত লেখক সমরেশ মজুমদার। নাম পিছুটান। পরিচালক শাহরিয়ার শাকিল।
পিছুটান নাটকে সমরেশ মজুমদার নিজের ভূমিকায় অভিনয় করেছেন। নাটকের গল্পে দেখা যাবে, কলকাতার মেয়ে প্রজ্ঞার সঙ্গে বাংলাদেশের একটি ছেলের পরিচয় হয়। প্রজ্ঞা বাংলাদেশে আসার আগে বাংলাদেশের সেই বন্ধুটির জন্য সমরেশ মজুমদারের লেখা একটি বই উপহার হিসেবে নিয়ে নেন। বইয়ের সঙ্গে বন্ধুটির জন্য প্রিয় লেখকের অটোগ্রাফও সংগ্রহ করেন।
সমরেশ মজুমদার সর্বশেষ অভিনয় করেছিলেন ১৯৮৪ সালে। সেবার নিজের লেখা তেরো পার্বণ নামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলেন তিনি। সমরেশ মজুমদার বলছিলেন, ‘নিয়মিত অভিনয় করতে গেলে লেখালেখিতে মন দেওয়া যায় না। এবারে শাকিল অনুরোধ করল। ছোট একটা চরিত্র। সব মিলিয়ে করে দিলাম।’
সমরেশ মজুমদারের সঙ্গে একই ফ্রেমে বন্দী হতে পেরে বেশ উচ্ছ্বসিত অপি করিম। বললেন, ‘সমরেশ মজুমদারের সঙ্গে বছর চারেক আগে ঢাকায় আমার দেখা হওয়ার সৌভাগ্য হয়েছিল। প্রিয় লেখক, যাঁর বই পড়ে বড় হয়েছি, তাঁর সঙ্গে কাজ করতে পারাটা আশীর্বাদস্বরূপ।’
গতকাল শনিবার কলকাতায় নাটকের শুটিংয়ে অংশ নেন সমরেশ মজুমদার।
নির্মাতা শাহরিয়ার শাকিল বলেন, ‘গল্পের প্রয়োজনে পিছুটান নাটকে সমরেশ মজুমদারকে প্রয়োজন ছিল। এখানে তিনি অতিথি চরিত্রে অভিনয় করেছেন। বিষয়টি আমার জন্য অনেক আনন্দের।’