বানাব লোকাল, মাতবে গ্লোবাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওশীন-হিল্লোল
নওশীন-হিল্লোল

এবার নতুন পরিচয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন অভিনয়শিল্পী দম্পতি হিল্লোল-নওশীন। দর্শকদের নতুন অনলাইন টেলিভিশন উপহার দিচ্ছেন তাঁরা। থার্ড বেল ডটকম ( 3rdbell.com) নামের এই চ্যানেলটির স্লোগান ‘বানাব লোকাল, মাতবে গ্লোবাল’।
থার্ড বেল ডটকম টেলিভিশনের অনুষ্ঠান পরিচালক (নন-ফিকশন) হিসেবে যোগ দিয়েছেন নওশীন। আর হিল্লোল আছেন ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে। তাঁরা জানিয়েছেন, অনলাইনে বাংলা ভাষাভাষী মানুষের জন্য বিনোদন ও লাইফস্টাইলের প্রায় সব ধরনের আয়োজন নিয়ে আসছে থার্ড বেল ডটকম।
নওশীন জানান, গত ২০ নভেম্বর থেকে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে থার্ড বেল ডটকম। এতে থাকছে নতুন নাটক, টেলিছবি, চলচ্চিত্র, মিউজিক ভিডিও, রিয়েলিটি শো, সেলিব্রেটি আড্ডা, লাইভ কনসার্টসহ নানা ধরনের আয়োজন। লাইফস্টাইল বিভাগে থাকছে রান্না, রূপচর্চা, ফ্যাশন, ভ্রমণসহ আরও নানা আয়োজন।
নওশীন বলেন, ‘অভিনয়ের পাশাপাশি সব সময় চেয়েছি নতুন সব ভাবনা নিয়ে দর্শকদের সামনে হাজির হতে। নাগরিক জীবনে ব্যস্ততা বেড়েছে। চাইলেও পছন্দের অনেক কিছুই যথাসময়ে উপভোগ করা হয়ে ওঠে না। কখনো আবার পুরোনো কোনো অনুষ্ঠান দেখার ইচ্ছা হয়, প্রয়োজনও হয়। এ দিকগুলো বিবেচনায় নিয়েই থার্ড বেল ডটকম যাত্রা শুরু করেছে। এখানে দর্শক নিজের সুবিধামতো পছন্দের অনুষ্ঠানগুলো এইচডি কোয়ালিটিতে দেখতে পাবেন। একই সঙ্গে দেখতে পাবেন আমাদের তৈরি করা নতুন অনুষ্ঠানও। এর জন্য কোনো মূল্য পরিশোধ করতে হবে না।’
হিল্লোল জানিয়েছেন, পরীক্ষামূলক সম্প্রচার শেষে ডিসেম্বর মাস থেকেই থার্ড বেল ডটকমের মূল আয়োজনগুলো আপলোড শুরু হবে।