বান্দরবানে প্রকৃতির ছবি তুলছেন মিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিম
মিম

মডেল ও অভিনেত্রী মিমকেই দাঁড়াতে হয় আলোকচিত্রীর সামনে। এবার তিনিই হয়ে গেলেন আলোকচিত্রী। ক্যামেরা হাতে ছবি তুলতে চলে গেলেন বান্দরবানে। দেশের অন্যতম সেরা আলোকচিত্রী হিসেবে প্রকৃতির ছবি তুলছেন তিনি। আর এর সবই দেখা যাবে পর্দায়।
একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের নতুন বিজ্ঞাপনচিত্রের জন্য মিম এখন বান্দরবানে। বুধবার সকালে সেখান থেকে প্রথম আলোকে মিম বলেন, ‘দারুণ একটি ভাবনা নিয়ে এই বিজ্ঞাপনচিত্রটি নির্মিত হচ্ছে। এখানে একসঙ্গে তিনটি বিজ্ঞাপনের কাজ করছি আমরা। এগুলো একটি আরেকটির সিক্যুয়েল। আশা করছি, দর্শকেরা নতুন কিছু দেখতে পাবেন।’
এই বিজ্ঞাপনচিত্রে মিম আলোকচিত্রী আর তাঁর স্বামী জনপ্রিয় মডেল। প্রকৃতির ছবি তুলতে পছন্দ করেন বলে স্বামীকে নিয়ে তিনি চলে যান প্রকৃতির কাছাকাছি। কাজটি করতে গিয়ে সত্যিই কিছু ছবি তুলেছেন মিম, যা তাঁর জন্য ছিল দারুণ রোমাঞ্চকর।
নতুন এই বিজ্ঞাপনচিত্রে মিমের বিপরীতে আছেন সংগীতশিল্পী তাহসান। এটা এই জুটির দ্বিতীয় বিজ্ঞাপনচিত্র। এর আগে তাঁরা জুটি হয়েছিলেন ডিজিটাল বাংলাদেশের বিজ্ঞাপনচিত্রে।