বাবার উপহার

কৈশোর পেরোনোর পর থেকেই স্বাবলম্বী হওয়ার পথে হেঁটেছেন অভিনেতা নাঈম। তাঁর এই পথ চলায় পরিবারের সমর্থন ছিল বরাবরই। এরই মধ্যে তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন তিনি। ছেলের সাফল্যে খুশি হয়ে নাঈমকে এ ঈদে একটি লাল গাড়ি উপহার দিয়েছেন তাঁর বাবা আবদুল ওয়াদুদ। বাবার কাছ হঠাৎ পাওয়া এ উপহারে দারুণ খুশি নাঈম।
প্রথম আলোর সঙ্গে আলাপে নাঈম বললেন, ‘সেদিন ছিল প্রথম রোজা। আমার কোনো শুটিং ছিল না। বাসায় ছিলাম। হঠাৎ আব্বু ফোন করে আমাকে বনানী যেতে বল্লেন। আমি গেলাম। এরপর আমাকে নিয়ে গেলেন একটি গাড়ির শো রুমে। বললেন, ‘‘এই লাল গাড়িটা তোমার। এই নাও চাবি।’’ বাবার কাছ থেকে হঠাৎ এমন চমৎকার একটি উপহার পাব ভাবিনি। জীবনে অনেক চমক পেয়েছি, কিন্তু এমন চমক আর জীবনে আসবে কি না জানি না। বাবা, তুমি এত ভালো! তোমাকে অনেক বেশি ভালোবাসি।’

এসএসসি পাশের পর থেকেই প্রতি ঈদে নাঈম তাঁর বাবা-মাকে ঈদ উপহার দেওয়ার চেষ্টা করেছেন। বললেন, ‘এসএসসির পর থেকে আমি নিজে আয় করা শিখেছি। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায়ও তা অব্যাহত ছিল। তখন থেকেই আমি আব্বু-আম্মুর জন্য ঈদে উপহার কিনি। এবার যে আমার জন্য এত বড় একটি উপহার অপেক্ষা করছিল, তা ভাবনায়ই ছিল না। আমি অনেক বেশি খুশি। এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারব না।’
এদিকে নাঈম এখন ঈদের নাটক ও বিভিন্ন অনুষ্ঠানের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে মোস্তফা কামাল রাজের ‘ম্যাচিউরড’, ইমরাউল রাফাতের ‘প্রিয়তমেষু’, সাখাওয়াত মানিকের ‘মেঘবালিকা’, রাসেল শিকদারে ‘সান ডাউন’, রোবায়েত মাহমুদের ‘সাম্রাজ্য—দ্য এম্পেরর’ এবং জয়ন্ত রোজারিওর ‘আকাশ বালক, আকাশ বালিকা’ নাটকগুলোর কাজ শেষ করেছেন।