বাবার পাশেই দাফন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক মমতাজউদদীন আহমদ
অধ্যাপক মমতাজউদদীন আহমদ

রাজধানীর অ্যাপোলো হাসপাতাল থেকে গুলশানের আজাদ মসজিদে নেওয়া হয়েছে প্রখ্যাত নাট্যকার, অভিনেতা ও ভাষাসৈনিক অধ্যাপক মমতাজউদদীন আহমদের মরদেহ। সেখানে শেষ গোসলের ব্যবস্থা করা হয়েছে। সব আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকে মরদেহ নেওয়া হবে মিরপুরে তাঁর বাসভবনে। এশার নামাজের পর রূপনগরের স্থানীয় মসজিদে তাঁর প্রথম জানাজা নামাজ হবে। আগামীকাল সোমবার সকাল নয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জানাজা হবে। সেখান থেকে তাঁকে চাঁপাইনবাবগঞ্জের ভোলার হাটে নেওয়া হবে। সেখানে বাবার কবরের পাশে দাফন করা হবে একুশে পদক পাওয়া অধ্যাপক মমতাজউদদীন আহমদকে। প্রথম আলোকে আজ রোববার বিকেলে এসব তথ্য জানান অধ্যাপক মমতাজউদদীন আহমদের ছেলে ডা. তিতাস মাহমুদ।

আজ দুপুরে মারা গেছেন অধ্যাপক মমতাজউদদীন আহমদ। তিনি রাজধানীর অ্যাপোলো হাসপাতালে বেলা ৩টা ৪৮ মিনিটে শেষনিশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী এবং দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

বেশ কয়েক দিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা তাঁকে আইসিইউতে রাখার পরামর্শ দেন। এর আগে তিনি একাধিকবার লাইফ সাপোর্ট থেকে ফিরে এসেছিলেন। তবে এবার আর ফেরা হয়নি।

অধ্যাপক মমতাজউদদীন আহমদ বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার, নির্দেশক, অভিনেতা ও ভাষাসৈনিক। স্বাধীনতা-উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ। এক অঙ্কের নাটক লেখায় বিশেষ পারদর্শিতার স্বাক্ষর রেখেছেন তিনি। ১৯৯৭ সালে নাট্যকার হিসেবে একুশে পদকে ভূষিত হন। জগন্নাথ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন তিনি। এ ছাড়া বিভিন্ন সরকারি কলেজে ৩২ বছর বাংলা ভাষা সাহিত্য এবং বাংলা ও ইউরোপীয় নাট্য বিষয়ে শিক্ষকতা করেন। তিনি ১৯৭৬-৭৮ সাল পর্যন্ত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যসূচি প্রণয়নে একজন বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন। ১৯৭৭-৮০ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক ছিলেন।

লেখক হিসেবেও সুখ্যাতি ছিল অধ্যাপক মমতাজউদদীনের। ৫০টিরও বেশি বই লিখেছেন তিনি। মমতাজউদদীন আহমদের লেখা নাটকগুলো হচ্ছে বিবাহ, স্বাধীনতা আমার স্বাধীনতা, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, বর্ণচোরা, এই সেই কণ্ঠস্বর, কী চাহ শঙ্খচিল, সাতঘাটের কানাকড়ি, রাজা অনুস্বরের পালা, স্পার্টাকাস বিষয়ক জটিলতা, হরিণ চিতা চিল, ফলাফল নিম্নচাপ, যামিনীর শেষ সংলাপ, এ রোদ এ বৃষ্টি, বুড়িগঙ্গার সিলভার জুবিলি, হৃদয় ঘটিত ব্যাপার স্যাপার, আমাদের মন্টুমিয়া, ইদানীং শুভ বিবাহ, একটি কালো সুটকেস, প্রতিদ্বন্দ্বী, দ্বৈরথ, দ্বন্দ্ব, দ্বিধা, দহন। তাঁর রূপান্তর নাটকগুলো হচ্ছে ক্ষতবিক্ষত, হাস্য লাস্য ভাষ্য, পুত্র আমার পুত্র। ছোটদের জন্য তিনি লিখেছেন বকুলপুরের স্বাধীনতা, সুখী মানুষ, রাজার পালা, বাউল বাঁশির সুর, তরুকে নিয়ে নাটক।