বাস্তবেও মেহজাবীন ঝগড়াটে

মেহজাবীন চৌধুরীছবি: ফেসবুক থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনেতা ও কণ্ঠশিল্পী তাহসান খানের সঙ্গে ঝগড়া করছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। কেন? সে কথা জানতে চাইলে কিছুটা অপ্রস্তুত মেহজাবীন বলেন, ‘কই, কখন?’ তাঁকে মনে করিয়ে দেওয়া হয় পান–সুপারি বিক্রি করার সময়কার কথা। এবার তিনি বুঝতে পারেন, ঝগড়া হচ্ছিল একটা শুটিংয়ের দৃশ্যে।

সম্প্রতি ‘পান সুপারি’ নামের একটি নাটকে অভিনয় করেছেন মেহজাবীন
ছবি: ইনস্টাগ্রাম

সম্প্রতি ‘পান সুপারি’ নামের একটি নাটকে অভিনয় করেছেন মেহজাবীন–তাহসান। নাটকে মেহজাবীনকে দেখা যাবে পান–সুপারি বিক্রেতার চরিত্রে। এই নাটকেরই একটি দৃশ্যে ঝগড়া করতে দেখা যাবে দুই অভিনয়শিল্পীকে। আর সেই দৃশ্যের সূত্র ধরে মেহজাবীন জানালেন, বাস্তবজীবনেও তিনি ভীষণ ঝগড়াটে। বন্ধু, সহপাঠী, ভাইবোনদের সঙ্গে কার না ঝগড়া হয়। মেহজাবীনও ব্যতিক্রম নন। বললেন, ‘প্রচুর ঝগড়া করতে হয়। কবে ঝগড়া হয়নি, সেটাই মনে করতে পারছি না। এমনকি বাসায় প্রায় প্রতিদিনই আমি ঝগড়া করি।’

নাটকের দৃশ্যে অভিনেতা ও কণ্ঠশিল্পী তাহসান খানের সঙ্গে ঝগড়া করছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী
ছবি: সংগৃহীত

মেহজাবীন জানালেন, পাঁচ ভাইবোন তাঁরা। বাসায় প্রতিদিনই কিছু না কিছু নিয়ে ঝগড়া লেগেই থাকে। কেউ দুষ্টুমি করলেও বিচারের দায়িত্ব পড়ে তাঁর ওপরেই, যেহেতু তিনি সবার বড়। তিনি বলেন, ‘আমাদের সকাল শুরু হয় ঝগড়া দিয়ে। এমনও হয়, শুটিংয়ে যাওয়ার পথেও ফোনে ঝগড়া করি।’

পরস্পরকে খোঁচানো বা কিছু বোঝাতে গিয়েই শুরু হয় মেহজাবীনদের ঝগড়া। কখনো কখনো কাউকে জিতিয়ে দিতে নির্দিষ্ট কারও পক্ষে ঝগড়া করেন মেহজাবীন।

চরিত্রের সাজে মেহজাবীনকে দেখে শুরুতে চিনতে পারেনি অনেকেই
ছবি: সংগৃহীত

যদিও এর সবই কেবল আনন্দের জন্য। অনেক সময় ঝগড়ায় হেরে যাওয়ার অবস্থা হলে বাবা–মাকে টেনে আনেন তিনি। পরিবারের বড় মেয়ে বলে, বাবা–মা তাঁরই পক্ষ নেন। এ নিয়েও ছোটদের অভিযোগের শেষ নেই। এই অভিনেত্রী হেসে বলেন, ‘ঝগড়ার সময় সবাই আমার পক্ষে থাকেন। কারণ আমি সব সময় ছোট ভাই–বোনদের ভালো উপদেশ দিই। এ জন্যই বাবা–মা আমাকে সার্পোট করেন।’

কখনো কাজের মেয়ে, কখনো মানসিক বিকারগ্রস্ত তরুণী, কখনো এসিডদগ্ধ, নানা চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন মেহজাবীন। চরিত্রের এই বৈচিত্র্য ভীষণ উপভোগ করেন অভিনেত্রী নিজেও। এবার সেই বৈচিত্র্যের ঝুলিতে যুক্ত হচ্ছে আরও একটি নতুন চরিত্র, পান বিক্রেতার। রাজধানীবাসীর ভীষণ চেনা চরিত্র এটি।

মেহজাবীন চৌধুরী
ছবি: ইনস্টাগ্রাম

চেনা এ চরিত্রকে পর্দায় তুলে ধরতে তাদের বাচনভঙ্গি, পোশাক, চলাফেরা গভীরভাবে লক্ষ করতে হয়েছে মেহজাবীনকে। কথা বলতে হয়েছে বাস্তবের পান বিক্রেতাদের সঙ্গে।

তিনি জানান, দূর থেকে তাদের জীবন সাদামাটা মনে হয়। কিন্তু ঢাকা শহরে পান বিক্রি করে সংসার চালানো মেয়েদের জীবনের সংগ্রাম মানবেতর। এই মানুষদের জীবন অনেক কষ্টের। এই অভিনেত্রী বলেন, ‘দুনিয়াতে এখনো মানুষ কত কষ্টে করে জীবন ধারণ করে, কাছ থেকে তাদের দেখে সেটা বুঝেছি। এই চরিত্রের জন্য বস্তিতে গিয়ে শুটিং করেছি। তখন দেখেছি, তাদের হয়তো টাকাপয়সা কম, আয়রোজগার তেমন নেই, কিন্তু দিন শেষে তারা হাসতে পারে। তাদের মনে শান্তি আছে।’

মেহজাবীন চৌধুরী
ছবি: সংগৃহীত

চরিত্রের সাজে মেহজাবীনকে দেখে শুরুতে চিনতে পারেনি অনেকেই। পরে যখন বস্তির লোকেরা তাঁকে চিনতে পারে, সবাই ভীষণ সহযোগিতা করেছে বলে জানান মেহজাবীন। তাঁদের আন্তরিক ব্যবহার মুগ্ধ করেছে মেহজাবীনকে। এমনকি তাঁরা মেহজাবিনের চরিত্রের বেশ দেখে প্রশংসা করেছেন। কখনো পান খান না। এ নাটকের প্রয়োজনে বিভিন্ন সময় তাঁকে পান খেতেও হয়েছে। এই অভিনেত্রী জানালেন, তাঁর নানু ও ফুপি এখনো নিয়মিত পান খান। বাবাও মাঝেমধ্যে খান। অনেকবার ভেবেছেন পান খাবেন, কিন্তু গালের ভেতরটা ছিলে যাওয়ার ভয়ে খাননি। কিন্তু এবার অনেক দিন পর পান খেয়ে ঠোঁট লাল করেছেন মেহজাবীন।

ছবিটি ফেসবুকে পোস্ট করে মেহজাবীন লিখেছেন বোনদের সঙ্গে।
ছবি: সংগৃহীত

‘পান সুপারি’ নাটকের চিত্রনাট্য লিখেছেন আহমেদ রাজীব। পরিচালনা করেছেন রুবেল হাসান। নাটকটিতে আরও অভিনয় করছেন শরিফুল ইসলাম। ভালোবাসা দিবসে একটি বেসরকারি টিভি চ্যানেলে দেখা যাবে নাটকটি।