বাস্তবের সম্পর্ক টেলিছবিতেও!

নাটকের নামটা ঠিক মনে করতে না পারলেও পরিচালকের নামটা ঠিকই মনে পড়ল ইরেশ যাকেরের। আরিফ খান। হ্যাঁ, আরিফ খানেরই একটি নাটকে সর্বশেষ মায়ের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। মুঠোফোনের ওপাশ থেকে জানিয়ে দিলেন— সেটাও বছর পাঁচেক আগের ঘটনা। তাই বলা যায়, পাঁচ বছর পর মা সারা যাকেরের সঙ্গে অভিনয় করছেন ইরেশ যাকের। যুবরাজ খানের পরিচালনায় টেলিছবিটির নাম ‘একজন নিখোঁজ মানুষ’। লিখেছেন বদরুল আনাম সৌদ।
এরই মধ্যে ইস্কাটনের একটি বাড়িতে টেলিছবিটির শুটিং শুরু হয়েছে। আজ এ টেলিছবির শুটিংয়ের কাজ শেষ হওয়ার কথা।
এত দিন পরে মায়ের সঙ্গে অভিনয় করা নিয়ে বেশ আনন্দিত ইরেশ। কথা প্রসঙ্গে বললেন, ‘মা এমনিতেও খুব কম কাজ করেন। তাই তাঁর সঙ্গে সচরাচর অভিনয় করা হয় না। তবে এবারে কাজ করতে গিয়ে একটা দারুণ অভিজ্ঞতা হলো।’
ইরেশ বলেন, ‘একটা সময় ছিল মার সঙ্গে অভিনয় করতে গেলে আমাকে তিনি গাইড করতেন। কিন্তু এখন আমি তাকে গাইড করি। কারণ, এখনকার অনেক বিষয়ই হয়তো তিনি সেভাবে ধরতে পারেন না। তবে ওনার সঙ্গে কাজ করলে আবার অনেক কিছু শেখাও যায়।’
সারা যাকের ও তাঁর ছেলে ইরেশ এই টেলিছবিতেও মা-ছেলের চরিত্রে অভিনয় করেছেন। তাঁদের সঙ্গে আছেন আরেক অভিনেত্রী মৌটুসী বিশ্বাস।
মা ছেলের একসঙ্গে টেলিছবিতে কাজ করা প্রসঙ্গে যুবরাজ খান বললেন, ‘দুজনেই অনেক শক্তিশালী অভিনয়শিল্পী। দুজনকে এক ফ্রেমে বন্দী করতে পেরে আমারও ভালো লাগছে। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে।’
টেলিছবিটি নির্মাণ করা হচ্ছে ধ্বনিচিত্রের ব্যানারে। আর এটি প্রচারিত হবে এসএ টিভির ঈদের অনুষ্ঠানমালায়।