বাহারের জীবনে কি ফিরবে সে
সার্প কি ফিরবে বাহারের জীবনে? আবেগে পুড়ে ছাই হয়ে গেছে সার্প। পাগলের মতো যখন সে ছুটে বেড়াচ্ছে বাহার, নিসান আর দোরুকের খোঁজে, তখনই আরিফের সঙ্গে বাহারের সম্পর্ক কিছুটা ঘনিষ্ঠ হতে শুরু করে। বাহার কি তবে সার্পকে ভুলে আরিফকে নিয়েই নতুন জীবন সাজাবে? এ রকম আরও নানা সংশয় নিয়ে শুরু হচ্ছে বাংলায় ডাবিং করা তুর্কি ধারাবাহিক ‘বাহার’–এর দ্বিতীয় মৌসুম।
বাহারের স্বপ্ন যা–ই হোক, তাঁর বেঁচে ওঠার একমাত্র অবলম্বন চিরশত্রু শিরিন। সে কি বোনম্যারো দিয়ে সাহায্য করবে বাহারকে? নাকি সার্পকে আড়াল করতে মেতে উঠবে কোন নতুন ষড়যন্ত্রে? হয়তো শিরিনের এই ষড়যন্ত্রে যোগ দেবে পিরিল আর সুয়াতরা। কিংবা শিরিনের চেয়ে ভয়ংকর থাবা নিয়ে সার্প আর বাহারদের তাড়িয়ে বেড়াবে কোনো বিষাক্ত অতীত। এই ঘূর্ণিপাকে কী পাবে আর কী হারাবে আরিফ, জেইদা আর ইয়েলিয়রা! এ রকম দ্বন্দে জড়িয়ে যাবেন দীপ্ত টিভির দর্শকেরা।
আজ শনিবার সকালে দীপ্ত টিভির নিজস্ব ভবনে ছিল সংবাদ সম্মেলন। সেখানে জানানো হয়, ‘বাহার’–এর নতুন মৌসুমের এসব কাহিনি। উপস্থিত ছিলেন দীপ্ত টিভির প্রধান নির্বাহী ফুয়াদ চৌধুরী ও চ্যানেলটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাঁরা জানান, সোমবার থেকে শুরু হচ্ছে ‘বাহার’–এর বাকি পর্বগুলো। দেখা যাবে প্রতিদিন সন্ধ্যা ৬টা ও রাত ৯টায়। এ সময় যাঁরা দেখতে পারবেন না, তাঁরা সুযোগ পাবেন দীপ্ত টিভির গ্লোবাল ইউটিউব চ্যানেলে দেখার। টেলিভিশন কর্তৃপক্ষ জানায়, বাহারের সিজন-১ প্রচারিত হওয়ার পর দর্শকের বিপুল চাহিদার পরিপ্রেক্ষিতে দীপ্ত টিভি সিজন-২ ও সিজন-৩ প্রচারের সিদ্ধান্ত নেয়।
‘বাহার’–এর অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছে দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল। ধারাবাহিকটির ডাবিংয়ের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম এবং প্রযোজনা করেছেন তসলিমা তাহরিন।