বিগ বসের প্রস্তাবে তসলিমা নাসরিনের 'না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তসলিমা নাসরিন
তসলিমা নাসরিন

জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’-এর অষ্টম মৌসুমের প্রচার শুরু হচ্ছে আগামী সেপ্টেম্বর মাসে। সম্প্রতি অনুষ্ঠানটির প্রতিযোগী হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল লেখিকা তসলিমা নাসরিনকে। কিন্তু কালারস টিভি চ্যানেলের প্রস্তাবে ইতিবাচক সাড়া দেননি তসলিমা।
এ প্রসঙ্গে এক টুইটার বার্তায় তসলিমা লিখেছেন, ‘কালারস টিভি চ্যানেলের ডাক পেয়েছিলাম। বিগ বস অনুষ্ঠানে আমাকে নিতে চাইলে আমি বিনয়ের সঙ্গে না করে দিই। তখন আমাকে বলা হলো, অনুষ্ঠানটির মাধ্যমে আমি নিজেকে সবার সামনে তুলে ধরার সুযোগ পাব। অনেক টাকাও পাব। এসব শুনে রূঢ় ভাষায় প্রস্তাবটি ফিরিয়ে দিই আমি।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে পিটিআই।
১৯৯৪ সাল থেকে এক ধরনের নির্বাসিত জীবন যাপন করছেন কবি, কলাম লেখিকা ও ঔপন্যাসিক তসলিমা নাসরিন। দুই দশক ধরে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও সর্বশেষ ভারতে বসবাস করছেন ৫১ বছর বয়সী এ লেখিকা। তসলিমা নাসরিনকে সম্প্রতি আবাসিক ভিসা দিয়েছে ভারত। ২ আগস্ট শনিবার তসলিমা ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করে আবাসিক ভিসার আবেদন জানানোর পর তাঁকে ওই ভিসা দেওয়া হয়। এর ফলে এখন থেকে তসলিমা দীর্ঘ মেয়াদে ভারতে অবস্থান করতে পারবেন।