বিচারক পুরোনো, উপস্থাপনায় নতুন কেউ

আবারও শুরু হতে যাচ্ছে খুদে সংগীতশিল্পী বাছাইয়ের প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’। চ্যানেল আইয়ের এই অনুষ্ঠানের জন্য এরই মধ্যে নাম নিবন্ধনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বিচারক হিসেবে এবারও থাকবেন গত আসরের প্রধান দুই বিচারক ফেরদৌস আরা এবং এস আই টুটুল। তবে উপস্থাপক হিসেবে এবার আর সিজিল মির্জা থাকছেন না, আসবেন নতুন কেউ। প্রথম আলোর সঙ্গে আলাপে গতকাল রোববার বিষয়টি নিশ্চিত করেছেন ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন।
ফেরদৌস আরা এবং এস আই টুটুল ক্ষুদে গানরাজ প্রতিযোগিতায় এ নিয়ে টানা চতুর্থবারের মতো বিচারকের আসনে বসতে যাচ্ছেন। ফেরদৌস আরা বর্তমানে আছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সেখান থেকে মুঠোফোনে ফেরদৌস আরা বললেন, ‘বাচ্চাদের নিয়ে এমন একটি আয়োজনের বিচারক হওয়ার ব্যাপারটি স্বর্গীয় অনুভূতি।’
এস আই টুটুলও আছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে তিনি বলেন, ‘এই অনুষ্ঠানে যোগ দিলে ছোটদের সঙ্গে সুন্দর কিছু সময় কাটে। তাদের প্রতিভা দেখে রীতিমতো মুগ্ধ ও অভিভূত হই।’ ফেরদৌস আরা এবং এস আই টুটুল ছাড়া ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার প্রতি পর্বে একজন করে অতিথি বিচারক উপস্থিত থাকবেন বলেও জানান ইজাজ খান স্বপন।