বিজ্ঞাপনে তিন 'বাঘ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাশরাফি বিন মুর্ত‌জা,সৌম্য সরকার
মাশরাফি বিন মুর্ত‌জা,সৌম্য সরকার
মুস্তাফিজুর রহমান
মুস্তাফিজুর রহমান

মাঠে তাঁর ‘কাটার’ আতঙ্কিত করে প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানদের। এই আতঙ্ক কাজে লাগিয়ে উইকেট তুলে নেন তিনি। মাঠজুড়ে দাপিয়ে বেড়ানো মুস্তাফিজ এবার দাঁড়াচ্ছেন ক্যামেরার সামনে। অবশ্য ক্যামেরার সামনে তিনি এর আগেও দাঁড়িয়েছেন। হয় সাক্ষাৎকার দিতে, না হয় বল হাতে। তবে এবার দাঁড়াচ্ছেন রীতিমতো মডেল হিসেবে। এই রে, এবার বুঝি কাটারের আতঙ্কে পড়লেন বিনোদন মাধ্যমের নামীদামি মডেলরা! না, ভয়ের কিছু নেই। মুস্তাফিজুর রহমান আপাতত একটি বিজ্ঞাপনেরই মডেল হচ্ছেন। আরও আছেন ক্রিকেট দলের অনুপ্রেরণা বা সাহসের বড় ‘বিজ্ঞাপন’ মাশরাফি বিন মুর্তজা এবং দলের নির্ভরতার প্রতীক সৌম্য সরকার।
এরই মধ্যে চূড়ান্ত হয়েছে সবকিছু। কয়েক দিনের মধ্যেই শুটিং শুরু হবে। তিন দিনের শুটিংটি হবে রাজধানীর তেজগাঁওয়ের একটি শুটিং হাউসে। এই তিনজনকে নিয়ে যিনি মাঠে নামছেন মানে বিজ্ঞাপনটি পরিচালনা করছেন, তিনি মেজবাউর রহমান সুমন। এর আগে এই নির্মাতা ক্রিকেটারদের নিয়ে ‘আমরা টাইগার্স, আমরাই বাংলাদেশ’ শিরোনামের একটি বিজ্ঞাপন নির্মাণ করেছিলেন। মুঠোফোনে জানালেন, তিনজনকে নিয়ে তিনটি নতুন বিজ্ঞাপন নির্মাণ করছেন তিনি। গল্প প্রসঙ্গে বললেন, ‘পুরোটাই চমক হিসেবে থাকুক। নিশ্চিত করছি, পর্দায় দর্শক উপভোগ করবেন বিজ্ঞাপনগুলি।’
সুমন জানান, বিজ্ঞাপন তিনটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির। তিন ক্রিকেটারকে নিয়ে পরপর তিন দিন শুটিং হবে।
ম্যাচসেরা হওয়ার পর ছোট অনুভূতি প্রকাশের মতোই মুস্তাফিজ বিজ্ঞাপনে কাজ করার অনুভূতি জানিয়ে বললেন, ‘আসলে এখনো বুঝতে পারছি না। দেখি কী হয়।’
সৌম্যর কথাও এমনটাই। বললেন, ‘আগে কাজটা শেষ করি, তারপর অনুভূতিটা বলতে পারব। এখন খানিকটা টেনশনে আছি।’
সবকিছু ঠিক থাকলে খুব তাড়াতাড়ি টিভি পর্দায় মডেল হিসেবে দেখা যাবে মাঠের এই তিন তারকাকে।