বিজয় দিবসের তিন নাটকে রওনক

বিজয় দিবসের তিনটি নাটকে অভিনয় করতে যাচ্ছেন অভিনয়শিল্পী রওনক হাসান। এরই মধ্যে সব চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন এ অভিনেতা। আগামী ১৩ তারিখে শুটিং করবেন সাবাব আলী আরজু পরিচালিত নাটক ‘অন্তেষ্টিযাত্রা’তে। এরপর ইদ্রিস হায়দারের ‘গোলাপ-কথা’ নামের একটি নাটকের শুটিংয়ে ঢুকবেন তিনি। তারপর তরুণ এক পরিচালকের একটি নাটকে অভিনয়ের কথা রয়েছে তাঁর। সেই নাটকটিও বিজয় দিবসের ঘটনা নিয়ে নির্মিত।
তবে তিনটি নাটকের মধ্যে এগিয়ে রাখলেন প্রথমটিকে। বললেন, ‘“অন্তেষ্টিযাত্রা” নাটকটির গল্পটি অসাধারণ। এরই মধ্যে চিত্রনাট্য পেয়েছি। পড়েই মুগ্ধ হয়েছি। আর “গোলাপ-কথা” নাটকটির গল্পটা আমাকে ঘিরে। নাটকটিতে গোলাপ চরিত্রে অভিনয় করব আমি।’
রওনক জানালেন, আজ তিনি উপস্থিত থাকবেন আরটিভির ‘লেট নাইট কফি’ অনুষ্ঠানে। ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলার পাশাপাশি শোনাবেন নিজের অজানা কথাও। অনুষ্ঠানটি প্রচারিত হবে আজ রাত ১২টা ১ মিনিটে।