বিটিভিতে বাড়ির ভেতরে বাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিটিভির ড্রামা স্টুডিওর ভেতরের দৃশ্য
বিটিভির ড্রামা স্টুডিওর ভেতরের দৃশ্য

দেশে তখন কেবল একটাই টেলিভিশন চ্যানেল—বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। সংশপ্তক, অয়োময়, কোথাও কেউ নেই নাটকগুলো যে সময়ে প্রচার করা হতো, পথঘাট ফাঁকা হয়ে যেত। দেশের মানুষ দিনের কাজ গুটিয়ে নাটক দেখতে বসে যেত বিটিভির সামনে।
কালজয়ী সেই সব নাটক তৈরি হতো বিটিভির স্টুডিওর ভেতরেই। নাটকের জন্য বানানো হতো সেট। সামাজিক ও পারিবারিক গল্পের সেই নাটকগুলোর জন্য বানানো হতো পরিবারের বসার ঘর, শোয়ার ঘর। দিনে দিনে নাটকের সেই দিন অতীত হয়ে গেছে। দেশে এখন অনেক চ্যানেল। সেসব চ্যানেলে প্রচারের জন্য সারা শহর ও দেশজুড়ে চলছে শুটিং। এমনকি ক্যামেরা-লাইট নিয়ে হরহামেশাই দেশের বাইরেও শুটিংয়ে যাচ্ছেন শিল্পীরা।
বিটিভির নাটকের প্রক্রিয়াগুলো সেই আগের মতোই আছে। শুটিংয়ের জন্য স্টুডিওর ভেতরেই নির্মিত হচ্ছে সেট, যেন বাড়ির ভেতরে আরেক বাড়ি। নাটকের জন্য ভালো গল্প নির্বাচন করা হয় সেই আগের নিয়মেই। এমনকি সেখানে বিজ্ঞাপনের আধিক্য নেই খুব একটা। বাণিজ্যের কথা ভেবে দীর্ঘ সময় দর্শকদের বসিয়ে না রেখে অনুষ্ঠান চালিয়ে নেওয়ার কাজটি আগের মতোই করে যাচ্ছে সরকারের এই টিভি চ্যানেলটি।
কিছুদিন আগে বিটিভির ড্রামা স্টুডিওতে গিয়ে দেখা গেল, সুবিশাল এক নাটকের সেট। ডুপ্লেক্স বাড়ির অবয়ব তৈরি করা হয়েছে সেখানে। বাড়ির ওপরে শতাধিক বাতি ঝুলছে। প্রয়োজনমতো নাটকের সেটে আলো দিচ্ছে সেগুলো। চলছিল ধারাবাহিক নাটক উইল-এর শুটিং। নাটকটি রচনা করেছেন রশিদুল হক পাশা। নাটকটির গল্প নিয়ে আলাপ করতে করতেই স্টুডিওর ওপরের একটি কক্ষ থেকে শোনা যায়: ‘ওকে, সবাই স্ট্যান্ডবাই। ক্যামেরা রোল...।’ সবাই প্রস্তুত হয়ে যান, চালু হয়ে যায় চারটি ক্যামেরা। চারদিক থেকে দৃশ্য ধারণ করবে সেগুলো। পরে প্রয়োজনমতো কেটে নেবে। প্রয়োজনে পাঁচ বা ছয়টি ক্যামেরাও দৃশ্য ধারণে ব্যবহার করা হয়।
স্টুডিওর ওপরের অনলাইন এডিটিং রুম থেকে একটি লোহার সিঁড়ি বেয়ে নেমে আসেন উইল নাটকের প্রযোজক মাহফুজ রহমান। তিনি জানান, ইতিমধ্যে চার পর্ব প্রচারিত হয়েছে নাটকটির। নতুন লটের শুটিং শেষ হলে আবারও প্রচার করা হবে। তিনি বললেন, ‘বিটিভির নাটকসহ বিভিন্ন অনুষ্ঠানের যে চমৎকার অতীত ছিল, সেটার গল্পই শুনেছি আমরা। সবাই মিলে আবারও সেই সময়টাকে ফিরিয়ে আনার চেষ্টা করছি। ভালো কিছু কাজ দিয়ে দর্শকদের আবারও টিভির সামনে বসাতে চাই।’ তিনি জানালেন, বিটিভির বর্তমান মহাপরিচালক ও উপমহাপরিচালকেরা এ কাজে দারুণ সহায়তা দিচ্ছেন।
উইল নাটকটি প্রচারিত হচ্ছে প্রতি শনিবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে। এতে অভিনয় করছেন সৈয়দ হাসান ইমাম, আল মনসুর, লাকী ইনাম, আহসানুল হক মিনু, আবদুল রাতিন, রশিদুল হক, আলিফ, সুজাত শিমুল, সানজিদা তন্ময়, রামিজ রাজু প্রমুখ।