বিটিভিতে মামুনুর রশীদের 'অক্ষয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অক্ষয় নাটকের মহড়ায় মামুনুর রশীদ, শর্মিলী আহমেদ ও তমালিকা কর্মকার
অক্ষয় নাটকের মহড়ায় মামুনুর রশীদ, শর্মিলী আহমেদ ও তমালিকা কর্মকার

১৯৯২ সালের বিটিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক ইতিকথা। নাটকটি লিখেছিলেন মামুনুর রশীদ। এবার ২২ বছর পর আবার তিনি লিখেছেন বিটিভির নতুন ধারাবাহিক নাটক অক্ষয়।
পুরান ঢাকার কোনো এক অভিজাত এলাকার খুব পুরোনো-দৃষ্টিনন্দন একটি বাড়িকে ঘিরে তৈরি করা হয়েছে নাটকের গল্প। বাড়ির মালিক একজন বৃদ্ধা। ছেলেমেয়েরা সবাই থাকেন দেশ-বিদেশের নামীদামি শহরে। মানসিক ভারসাম্যহীন আরেক মেয়ে বিলকিসকে নিয়ে এই বৃদ্ধার সংসার। হঠাৎ একদিন বাড়িতে এসে হাজির হন একজন চলচ্চিত্র পরিচালক মাসুদ খান। সঙ্গে তাঁর সহকারী মিস্টার কে কে। বাড়িটিতে তাঁরা সিনেমার শুটিং করতে আগ্রহী। এ রকম কাহিিন নিয়ে এগিয়ে যায় নাটকটি।
২২ আগস্ট পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে শুরু হবে অক্ষয় নাটকটির শুটিং। এই উপলক্ষে বিটিভির সভাকক্ষে নাটকটির মহড়া শুরু হয়েছে গতকাল বেলা ১১টায়।
ইতিকথার পর অক্ষয়—মাঝখানে দীর্ঘ বিরতি কেন? মামুনুর রশীদ বলেন, ‘নাটক রচনার কথাই বলি আর নির্মাণের কথাই বলি—এসব তো সৃজনশীল কর্ম! এর জন্য যথাযথ সময়, সুযোগ ও পরিবেশ প্রয়োজন। বিটিভির ৫০ বছর পূর্তি উৎসবের আয়োজন হয়েছে। এই উপলক্ষে নাটকের মানোন্নয়নের ক্ষেত্রেও নতুন করে পদক্ষেপ নেওয়া হয়েছে। নাটকের সেই ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। তা ছাড়া আমরা যাঁরা বিটিভির মধ্য দিয়ে বড় হয়েছি আমাদের একটা দায়বদ্ধতা তো আছেই। মূলত এসব কারণেই নাটকটি লিখতে আমি সম্মত হয়েছি।’
নাটকটিতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, শর্মিলী আহমেদ, আজিজুল হাকিম, তুষার খান ও তমালিকা কর্মকার।