বিটিভিতে শুরু হচ্ছে বিশ্বনাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও বিটিভিতে শুরু হচ্ছে বিশ্বনাটক। বেশ কয়েক বছর বন্ধ থাকার পর নতুন করে শুরু হচ্ছে এটি। বিশ্বনাটকের আওতায় এখন থেকে বিশ্বের বিখ্যাত সব নাট্যকারের লেখা নাটক প্রচারিত হবে। মূলত বিশ্বনাট্যাঙ্গনের সঙ্গে বিটিভির দর্শকদের সম্পৃক্ত করাই এর মূল লক্ষ্য।
বেশ কয়েক বছর আগে নাট্যব্যক্তিত্ব সাঈদ আহমেদের সঞ্চালনায় প্রচারিত হতো বিশ্বনাটক। এবার নতুন করে এই নাটকগুলোর সঞ্চালনা করবেন আতাউর রহমান। অভিনয় করবেন এ দেশের অভিনয়শিল্পীরা। এরই ধারাবাহিকতায় আজ রোববার রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচারিত হবে আন্তন চেখভের দ্য বিয়ার নাটকটি। মিরন মহিউদ্দিন দিয়েছেন নাট্যরূপ। প্রযোজনা করেছেন আবু তৌহিদ। অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, ত্রপা মজুমদার, জিয়াউল হাসান প্রমুখ।
বিশ্বনাটকের প্রচার সম্পর্কে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান বিভাগের উপমহাপরিচালক বাহারউদ্দিন খেলন বলেন, বিটিভির অনুষ্ঠানমালায় ব্যাপক পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবং দর্শকদের চাহিদার কারণে আবার শুরু হচ্ছে বিশ্বনাটক।
বাহারউদ্দিন জানান, এখন থেকে প্রতি মাসে একটি করে বিশ্বনাটক প্রচার করা হবে।