বিটিভিতে 'গল্প নয় সত্য'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘গল্প নয় সত্য’ এইচডি টিভি প্রোগ্রামের প্রচার অনুষ্ঠানে বক্তারা
‘গল্প নয় সত্য’ এইচডি টিভি প্রোগ্রামের প্রচার অনুষ্ঠানে বক্তারা

শিক্ষা ও বিনোদনের মিশেলে নতুন একটি অনুষ্ঠান শুরু করেছে বাংলাদেশ টেলিভিশন। মানবসম্পদ উন্নয়নে বিশেষ অবদান রাখবে ‘গল্প নয় সত্য’ নামের এই টিভি অনুষ্ঠানটি। ইতিমধ্যে অনুষ্ঠানটির দুটি পর্ব প্রচার করেছে বিটিভি।

আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি তারকা হোটেলে ‘গল্প নয় সত্যি’-এর প্রচারমূলক এক অনুষ্ঠানের আয়োজন করেছিল জাইকা। তাতে ‘এডুটেইনমেন্ট’ভিত্তিক এই টিভি অনুষ্ঠানটির বিস্তারিত জানানো হয়। অনুষ্ঠানটি নির্মাণে সার্বিক সহায়তা দিয়েছে জাপানি প্রতিষ্ঠান জাইকা।
প্রচারণামূলক এ আয়োজনে উপস্থিত ছিলেন জাইকার প্রধান প্রতিনিধি মিকিও হাতায়েদা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্যতম মহাপরিচালক কবির বিন আনওয়ার, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশিদ, এটুআইয়ের পিপলস পারস্পেকটিভ বিশেষজ্ঞ নাইমুজ্জামান ভূঁইয়া ও জাইকা বিশেষজ্ঞ দলের প্রধান তায়েকি তাকাহাশি।
অনুষ্ঠানে এইচডি টিভি প্রোগ্রাম নিয়ে বক্তারা জানিয়েছেন, মানব উন্নয়নে ভূমিকা রাখার জন্য প্রচারিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য মানুষকে শেখানো ও সচেতন করা। শুরুতে পরীক্ষামূলকভাবে প্রচারিত হলেও পরে নিয়মিত প্রচার করা হবে। তাঁরা জানান, সুস্থ, কর্মক্ষম ও সৃষ্টিশীল জীবনযাপনের প্রেরণা জোগাবে এ অনুষ্ঠান।
‘বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নে টেলিভিশন অনুষ্ঠান নির্মাণে মিডিয়ার সক্ষমতা বৃদ্ধি’ নামের একটি প্রকল্পের আওতায় এই মানব উন্নয়নের (এইচডি) টিভি অনুষ্ঠান নির্মাণের অন্য অংশীদারেরা হচ্ছে বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাংলাদেশ টেলিভিশন।
প্রচারের এই অনুষ্ঠান আয়োজনে আলোচনা পর্বের শেষে নাচ পরিবেশন করেন সোহাগ ও মেহজাবিন, গান করেন পান্থ কানাই ও ফাহমিদা নবী। এ ছাড়াও ছিল মূকাভিনয়।