বিবিসির নাটকে চম্পা

ধারাবাহিক নাটক উজান গাঙের নাইয়ার দ্বিতীয় মৌসুমের কাজ শেষ হয়েছে। প্রথম মৌসুমের সাফল্যের পর ধারাবাহিকটির দ্বিতীয় মৌসুমে উঠে এসেছে উপকূলীয় অঞ্চলের জেলে পরিবারগুলোর জীবনসংগ্রামের গল্প। সেই সঙ্গে মা ও শিশুর স্বাস্থ্য সচেতনতাবিষয়ক বিভিন্ন বক্তব্যও তুলে ধরা হয়েছে বিবিসি মিডিয়া অ্যাকশন প্রযোজিত এ নাটকে। এখানেই সুলতানা নামের একটি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা চম্পা।
নাটকে চম্পা এক লোভী আড়তদারের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। স্বামীর অনেক অপরাধমূলক কাজের সাক্ষী তিনি। সব সময়ই চেষ্টা করেন স্বামীকে সুপথে আনতে। ধারাবাহিকটি প্রসঙ্গে চম্পা বলেন, ‘সুলতানা অনেক দুঃখ-কষ্ট পাওয়া একজন নারী। কিন্তু গ্রামের মহিলাদের কাছে তিনি অনেক প্রিয়। তাঁদের নানা ধরনের পরামর্শ দিয়ে সহযোগিতা করেন সুলতানা।’
আগামী ফেব্রুয়ারির শেষ দিকে বাংলাদেশ টেলিভিশনে নাটকটি প্রচারের সম্ভাবনা রয়েছে বলে জানায় বিবিসি মিডিয়া অ্যাকশন। এটি পরিচালনা করেছেন বাশার জর্জিস। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, ফারহানা মিলি, স্পর্শিয়াসহ আরও অনেকে।