বিশ্ববিদ্যালয়ের একজন আদর্শ শিক্ষক ...

রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেছেন তিনি। শিক্ষকতার মধ্য দিয়ে তিনি তাঁর আদর্শ ছড়িয়ে দিতে চান। তাঁর উদ্দেশ্য তরুণ ছাত্রছাত্রীদের কাছে আদর্শ শিক্ষক হওয়া। তিনি ভাবেন, একদিন তাঁর আদর্শের জায়গাটা সারা দেশে ছড়িয়ে পড়বে। তরুণ শিক্ষার্থীরা তাঁর মতো দেশের জন্য ভাববেন। বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের নিয়ে তাঁর অগাধ স্বপ্ন। ধারাবাহিকটির নাম ‘তরুণ তুর্কী’। রচনা ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত।
ধারাবাহিকটি আজ থেকে শুটিং শুরু হয়েছে। অভিনেতা নাইম বলেন, গল্প এগিয়েছে তরুণদের নিয়ে। যাঁরা ভিন্ন ভিন্নভাবে সমাজের অগ্রযাত্রার জন্য কাজ করে যাচ্ছেন। পরিচালক ইমরাউল রাফাত বলেন, গল্পটি রূপক অর্থে তুলে ধরা হয়েছে। তরুণ তুর্কী বা তরুণ যোদ্ধাদের নিয়ে নাটকের গল্প। তাঁরাই একটি দেশের প্রতিনিধিত্ব করেন। দেশের প্রতি তাঁদের কী দায়বদ্ধতা রয়েছে—সেসব বিষয় এখানে তুলে ধরা হবে।
নাটকে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন সাবেরি আলম, মনিরা মিঠু, নোভা, তৌসিফ মাহবুব, অ্যালেন শুভ্র, স্পর্শিয়া ও জোভান।