বিশ্রামে মোশাররফ করিম

ব্যস্ত অভিনেতা মোশাররফ করিম গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তখন তিনি পুবাইলে যমজ ৮ নাটকের শুটিংয়ে ছিলেন। তবে এখন এই অভিনেতা সুস্থ। মোশাররফ করিমের ভাগনে মুরসালীন শুভ প্রথম আলোকে বলেন, হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে মোশাররফকে।
যমজ ৮ নাটকের সেটে রাতের বেলা হঠাৎ দুর্বলতা অনুভব করেন মোশাররফ করিম। পরে শুটিং সেটের কলাকুশলীরা মোশাররফকে নিয়ে যান রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে। সেখানে দিনভর তাঁর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। শুভ বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর অভিনেতাকে বুধবার রাতেই বাড়ি নিয়ে যাওয়ার কথা।
এদিকে গতকাল সন্ধ্যায় কথা হয় মোশাররফের স্ত্রী জুঁই করিমের সঙ্গেও। তিনি বলেন, চিকিৎসকের পরামর্শে পূর্ণ বিশ্রামে থাকতে হবে মোশাররফকে। তিনি আরও বলেন, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টে সব ভালো এসেছে। টানা কাজ ও খাওয়ার অনিয়মের কারণে দুর্বলতা বেড়ে গিয়েছিল। এ মুহূর্তে জুঁইসহ মোশাররফের পাশে আছে তাঁর পরিবার। পুরো পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে মোশাররফ করিমকে বিশ্রামের সুযোগ দিতে এবং তাঁর দ্রুত সুস্থতার জন্য শুভকামনা করতে।