বিষয় যখন নারী ও শিশু পাচার...

পরিচালক ‘টেলিছবি’ বলতে গিয়েও বার কয়েক চিন্তা করলেন! কারণ গল্প, শুটিং লোকেশন, বাজেট, নির্মাণসহ সবকিছুই সিনেমার আদলে। কিন্তু প্রচারিত হবে টেলিভিশনে। পরিচালক দ্বিধা কাটিয়ে নাম দিলেন ‘টেলিভিশন সিনেমা’! নাম চক্র। পরিচালকের ভাষায়, এই টেলিছবির বিষয় নারী ও শিশু পাচার। এরই মধ্যে বেশির ভাগ শুটিং হয়েছে দেশের তিন জেলায়। শিগগিরই ঢাকায় হবে এর বাকি অংশের শুটিং।
আট দিন ধরে বরিশাল, পিরোজপুর, পটুয়াখালীর বিভিন্ন অঞ্চলে চক্র-এর শুটিং হয়েছে। এতে অভিনয় করেছেন তিশা, লুৎফর রহমান জর্জ, অর্চিতা স্পর্শিয়া, শতাব্দী ওয়াদুদ, মিশু সাব্বির, শম্পা, চাষী আলম, গোলাম রাব্বানী, রাশেদ মামুনসহ অনেকে।
চক্র-এর রচনা ও পরিচালনা ওয়াহিদ আনামের। মুঠোফোনে তিনি বলেন, ‘আমার জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। এমন একটি বিষয় ফ্রেমে বন্দী করতে পেরেও ভালো লাগছে।’
৮০ মিনিটের এই টেলিছবি করতে গিয়ে অভিনয়শিল্পীদের কম পরিশ্রম করতে হয়নি। তারকাদের অনেককেই দীর্ঘ সময় ধরে একই পোশাকে থাকতে হয়েছে। প্রায় ৭০ জনের টিম নিয়ে ঘুরতে হয়েছে নানান জায়গায়। ‘এই সব কষ্টই সার্থক হবে দর্শকদের ভালো লাগলে’, এমনটাই বললেন পরিচালক। ঈদুল আজহাকে সামনে রেখে তৈরি করা হয়েছে চক্র। ঈদের তৃতীয় দিন এনটিভিতে প্রচার করা টেলিছবিটি।