বিড়ালটি ভালো অভিনয় করেছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেই বিড়ালের সঙ্গে ইমন ও নাদিয়া
সেই বিড়ালের সঙ্গে ইমন ও নাদিয়া

নতুন একটি টেলিছবির শুটিংয়ে ভালো অভিনয় জানা এক বিড়ালের সঙ্গে সখ্য হয়ে গিয়েছিল অভিনেতা ইমন ও নাদিয়া মীমের। তাই সেই বিড়ালের অভিনয়ে মুগ্ধ হয়ে এমন মন্তব্যই করলেন অভিনেতা ইমন। বললেন, ‘ছোট্ট ওই বিড়ালটি দেখতে খুবই সুন্দর ছিল। সে ভালো অভিনয় করেছে। শুটিং করতে করতে বিড়ালটির সঙ্গে ভালো ভাব হয়ে গিয়েছিল। আমি যেখানেই যাই, সেখানেই বিড়ালটি চলে আসে। বিড়ালটির জন্য শটও কাটতে হলো কয়েকবার।’
সাখাওয়াত সবুজের রচনা ও পরিচালনায় ‘প্রেম ডুব’ নামের একটি টেলিছবির শুটিংয়ে গিয়ে এমন খবর জানা যায়। সম্প্রতি রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে চলছিল এর শুটিং। পরিচালক জানালেন, স্বামী-স্ত্রীর দাম্পত্য সম্পর্কে সন্দেহ নিয়ে এই টেলিছবির গল্প এগিয়েছে। শিগগিরই এটি চ্যানেল আইতে প্রচারিত হবে।
টেলিছবিতে বিড়ালের ‘অভিনয়’ নিয়ে ঠাট্টার ছলেই নির্মাতা জানান, গল্পের দুই মূল চরিত্রের পরিচয় আসলে এই বিড়ালকে ঘিরেই হয়। বিড়ালের সঙ্গে ইমন ও নাদিয়া মীমকে ছয়টি দৃশ্যে দেখা যাবে। ‘প্রেম ডুব’ টেলিছবিতে আরও অভিনয় করছেন কচি খন্দকার ও ছবি আরাফাত।