বিয়ে করলেন সারিকা

এ বছরের মার্চ মাসে মডেল ও অভিনয়শিল্পী সারিকা ঘোষণা দিয়েছিলেন, এপ্রিল মাসেই বিয়ে করছেন তিনি। তারিখ চূড়ান্ত। কমিউনিটি সেন্টারেও বুকিং দেওয়া হয়ে গেছে। না, তখন বিয়েটা হয়নি। তবে ওই সময় এ ব্যাপারে সারিকার কাছ থেকে কোনো মন্তব্যও জানা যায়নি। গতকাল বুধবার দুপুরে সারিকা মুঠোফোনে জানান, তিনি বিয়ে করেছেন। বর মাহিম করিম ব্যবসায়ী।
সারিকা জানান, মাহিমের সঙ্গে তাঁর পরিচয় অনেক দিনের। আর বিয়ে হয়েছে পারিবারিকভাবে, অনেকটা হঠাৎ করেই। তেমন কোনো পূর্বপ্রস্তুতিও ছিল না। পরে একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ১২ আগস্ট ঢাকায় ম্যাজিস্ট্রেটের আদালতে তাঁরা বিয়ে করেছেন।
এপ্রিল মাসে বিয়ে না হওয়ার কারণ হিসেবে সারিকা জানান, পারিবারিক কিছু ঝামেলার কারণে ওই সময় বিয়েটা স্থগিত করা হয়।
মধুচন্দ্রিমা কাটানোর ব্যাপারে সারিকা জানান, এ মাসেই তাঁরা দেশের বাইরে বেড়াতে যাচ্ছেন। তবে কোথায় যাচ্ছেন, তা এখনো চূড়ান্ত হয়নি।
সারিকা আবার অভিনয়ে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘শাশুড়ি ও স্বামী চান আমি যেন আবার নিয়মিত অভিনয় করি। নানা কারণে অভিনয় থেকে দূরে সরে গিয়েছিলাম। এখন বিয়ের পর ভাবছি, যেহেতু নতুন বাড়ি থেকে সমর্থন পাচ্ছি, তাই শিগগিরই আবার আমাকে ক্যামেরার সামনে দেখতে পাবেন।’