বিয়ের এক বছর পরে মধুচন্দ্রিমায় স্বাগতা-রাশেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বামী রাশেদ জামানের সঙ্গে স্বাগতা
স্বামী রাশেদ জামানের সঙ্গে স্বাগতা

বছর খানেক আগে রাশেদ জামানের সঙ্গে অভিনয়শিল্পী স্বাগতার বিয়ে হয়। তাঁর স্বামী পেশায় চিত্রগ্রাহক। বিয়ের পরই দুজন নিজেদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। ব্যস্ততা কাটিয়ে এখন তাঁরা প্রস্তুত মধুচন্দ্রিমা উদ্‌যাপনে যাওয়ার। ৩১ অক্টোবর তাঁরা ব্যাংকক যাচ্ছেন কাঙ্ক্ষিত সেই মধুচন্দ্রিমা উদ্‌যাপন করতে। সাত দিনের এই সফরে তাঁরা সেখানকার দর্শনীয় নানা জায়গায় ঘুরে বেড়াবেন বলে জানান স্বাগতা।
২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে বিয়ে করেন স্বাগতা ও রাশেদ জামান। তখনই স্বাগতা তাঁর স্বামীর কাজের চাপের ইঙ্গিত দিয়েছিলেন। স্বাগতা বলেন, ‘ভালোবাসার মানুষটিকে বিয়ে করার পর কোথাও ঘুরতে যাওয়া হয়নি। আমাদের বিয়ের সময় রাশেদ “আয়নাবাজি” সিনেমার শুটিং নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ে। ওর ব্যস্ততা কমতে কমতে আমি আবার ব্যস্ত হয়ে পড়ি। আমার শুটিংয়ের মধ্যে আবার ওর ব্যস্ততা। অবশেষে দুজন এখন সবকিছু ম্যানেজ করে মধুচন্দ্রিমায় যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছি। এই কয়েকটা দিন নিজেদের মতো ঘোরাঘুরি ছাড়া আর কিছু নিয়ে ভাবতে চাই না। কাজকে একেবারে ছুটি।’