বিয়ের কারণে বিরতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যা.আ.দ.ব-এ নাদিয়া
ব্যা.আ.দ.ব-এ নাদিয়া

ইফতেখার আহমেদ ফাহমি সর্বশেষ নির্মাণ করেছিলেন ধারাবাহিক নাটক ‘রিয়েলিটি শো’। তাও বছর দু-এক আগে। চ্যানেল টুয়েন্টি ফোরে এই ধারাবাহিকটি প্রচারিত হয়েছিল। এরপর এক ঘণ্টা কিংবা ধারাবাহিক—আর কোনো নাটকই নির্মাণ করতে দেখা যায়নি তাঁকে। দীর্ঘদিন পর নতুন একটি ধারাবাহিক নাটক নির্মাণে হাত দিয়েছেন এই তরুণ পরিচালক। নাম ‘ব্যা.আ.দ.ব’। গল্প ও চিত্রনাট্যও ফাহমির নিজের।
এত দিন নাটক নির্মাণে বিরতি নেওয়ার কী কারণ? কী হয়েছিল? এমন প্রশ্নের উত্তরে ফাহমির জবাব, ‘মাঝে নাটক নির্মাণে কিছুটা অনিয়মিত হয়ে গিয়েছিলাম। অবশ্য এর কারণও আছে।
কী কারণ? এ প্রসঙ্গে ফাহমি বলেছেন, ‘মাঝে বিয়ে করেছি। এ ছাড়া, আমার প্রথম চলচ্চিত্র ‘টুবি কনটিনিউ...’-এর কাজ তার আগে শেষ হলেও মাঝের সময়টাতে সবকিছু ঠিকঠাক করে প্রযোজকের হাতে তুলে দিতে হয়েছে।’
কিন্তু নতুন ধারাবাহিক নাটকটির নাম ‘ব্যা.আ.দ.ব’ বা ‘বেয়াদব’ রাখার কী কারণ? এ প্রসঙ্গে ফাহমি বলেন, ‘এ সময়ের একটি পরিবারের জীবনের গল্প নিয়েই নাটকটি তৈরি হচ্ছে। এখনকার সময়ে পরিবারে সচরাচর অনেক কিছুই ঘটে। ‘বেয়াদব’ শব্দটা আমরা পরিবারে প্রায়ই ব্যবহার করে থাকি।’
তবে ফাহমি জানিয়েছেন, নাটকে এই ‘ব্যা.আ.দ.ব’ শব্দটি ‘খারাপ’ অর্থে ব্যবহার করা হয়নি। এর মজার একটি অর্থ আছে। নাটকটির যখন প্রচার শুরু হবে তখন আসল ঘটনাটি বুঝতে পারবেন দর্শকেরা।
১৬ ডিসেম্বর থেকে ধানমন্ডির একটি বাড়িতে এ নাটকটির শুটিং শুরু হয়েছে। ‘ব্যা.আ.দ.ব’ নাটকে অভিনয় করছেন আবুল হায়াত, সোহেল খান, মারজুক রাসেল, অর্পণা, সোনিয়া হোসাইন, নাদিয়া প্রমুখ।
পরিচালক ফাহমি এও জানিয়েছেন, ১০৪ পর্ব হবে নাটকটি। চ্যানেল আইয়ের নিজস্ব প্রযোজনায় নির্মাণ হওয়া নাটকটির প্রচারের দিন এখনো ঠিক হয়নি।