বিয়ের সিদ্ধান্তের পর প্রেম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
  • ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা নিয়ে তৈরি অনুষ্ঠান উপস্থাপনা করছেন।
  • আজ সোমবার অনুষ্ঠানটির শুটিং শুরু হয়েছে।
  • ২৬ এপ্রিল সকালে হবে আক্দ আর সন্ধ্যায় বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান।

বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পর প্রেম করছেন জনপ্রিয় উপস্থাপক ও ‘আয়নাবাজি’ ছবির নায়িকা মাসুমা রহমান নাবিলা ও জোবায়দুল হক। দুজন আড্ডা দিচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, ফেসবুকে সেসব ছবি দিচ্ছেন আর ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করছেন—তেমনটাই জানালেন নাবিলা। গতকাল রোববার সন্ধ্যায় ‘প্রথম আলো আলাপন’ অনুষ্ঠানের অতিথি ছিলেন তিনি। তাঁর সঙ্গে কথা বলেছেন প্রথম আলোর সহকারী ফিচার সম্পাদক মেহেদী মাসুদ।

দীর্ঘদিনের বন্ধু জোবায়দুল হককে বিয়ে করছেন নাবিলা। আগামী ২৬ এপ্রিল সকালে হবে আক্দ আর সন্ধ্যায় বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। এক দিন আগে হবে গায়েহলুদ ও মেহেদি অনুষ্ঠান। নাবিলা-জোবায়দুল হকের প্রেমের গল্প সিনেমার থেকে কোনো অংশে কম নয়। নাবিলা আর জোবায়দুল হকের বেড়ে ওঠা সৌদি আরবের জেদ্দায়। দুজন একই স্কুলে পড়েছেন। ১৮ বছর আগে তাঁদের প্রথম কথা হয়। তখন থেকেই ভালো লাগা। কিন্তু মুখ ফুটে সেই অনুভূতির কথা প্রকাশ করা হয়নি।

নাবিলা বলেন, ‘তখন আমরা ছোট ছিলাম। আর এই ভালো লাগা যে প্রেম, সেটা বুঝতে পারিনি। বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পর আমাদের মধ্যে প্রেম শুরু হয়। আর তা বেশি দিন আগের কথা নয়। গত বছর জুলাই মাসে আমিই প্রথম জোবায়দুল হককে বিয়ের প্রস্তাব দিয়েছি।’

প্রথম প্রেম অবশেষে বিয়েতে পরিণতি পাচ্ছে। উচ্ছ্বসিত নাবিলা বললেন, ‘পছন্দের মানুষকে বিয়ে করছি, ভালো লাগছে। তবে বিয়ের আগে চাপ অনুভব করছি। প্রায় রাতেই দুঃস্বপ্ন দেখছি। সেদিন স্বপ্নে দেখি, বিয়ের দিন আমি ঘুম থেকে দেরি করে উঠেছি। কাউকে দাওয়াত দেওয়া হয়নি। কেউ আমার বিয়েতে আসবে না! এই ভাবতে ভাবতে ঘুম ভেঙে যায়।’

এদিকে আবার উপস্থাপনা নিয়ে ব্যস্ত হচ্ছেন নাবিলা। জানালেন, এবার ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা নিয়ে তৈরি অনুষ্ঠান উপস্থাপনা করছেন। আজ সোমবার অনুষ্ঠানটির শুটিং শুরু হয়েছে।

হাসিখুশি স্বভাবের মেয়ে নাবিলা ‘প্রথম আলো আলাপন’ আয়োজনে নিজের জীবনসংগ্রামের কথা শুনিয়েছেন। ১৫ বছর সৌদি আরবে বেড়ে ওঠা নাবিলা দেশে আসার আগে সংগ্রাম কী, তা জানতেন না। বাংলাদেশে ফেরার আট মাসের মাথায় বাবার মৃত্যু হয়। তখন নাবিলা কিশোরী। বোন ও ভাই তাঁর থেকে অনেক ছোট। বড় সন্তান হিসেবে সংসারের হাল ধরতে হয় তাঁকে। পড়াশোনার পাশাপাশি ২০০৬ সালে টিভির অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেন। নিজের পড়াশোনা আর পরিবারের দায়িত্ব নিতে পেরে নিজেকে সৌভাগ্যবতী মনে করেন এই তারকা। তাঁর মতে, ‘নিজের আর পরিবারের মানুষদের জীবন গুছিয়ে দেওয়ার মতো ভাগ্য সৃষ্টিকর্তা সবাইকে দেন না।’