বুধবার শপথ নেবেন সাচ্চু ও নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহিদুল আলম সাচ্চু ও আহসান হাবিব নাসিম
শহিদুল আলম সাচ্চু ও আহসান হাবিব নাসিম

শপথগ্রহণ করতে যাচ্ছেন অভিনয়শিল্পী সংঘের নতুন কমিটির সদস্যরা। আগামী বুধবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা ভবনে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। ওই দিন সন্ধ্যা ছয়টায় নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথ পড়ানো হবে।
গত শুক্রবার অভিনয়শিল্পী সংঘের নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন প্রথম আলোর সঙ্গে আলাপে সাচ্চু জানান, শপথগ্রহণ অনুষ্ঠান করা হবে ১৩ ফেব্রুয়ারি। কিন্তু সেদিন বরেণ্য অভিনয়শিল্পী হ‌ুমায়ুন ফরীদি মৃত্যুবার্ষিকী হওয়ায় সবার সম্মতিক্রমে সেই অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন কমিটির সবাই। অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে শিল্পীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বলেন, ‘নির্বাচনে যিনি প্রার্থী হন, সাধারণত তিনিই সবাইকে আপ্যায়ন করেন। কিন্তু এখানে ঘটেছিল উল্টোটা। আমরা যারা প্রার্থী হয়েছি, ভোটাররা আমাদের আপ্যায়ন করেছেন।’
অভিনয়শিল্পী সংঘ গঠিত হয় ২০০২ সালে। এবারই প্রথম সংগঠনটির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ ব্যাপারে শহিদুল আলম সাচ্চু বলেন, ‘আহ্বায়ক কমিটিতে যাঁরা ছিলেন, তাঁরাই নির্বাচনের প্রয়োজনীয়তা অনুভব করেছেন। সবাই মিলে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন। শিল্পীরা আমাকে নির্বাচিত করেছেন দেখে আমি অভিভূত। এখন আমাকে শিল্পীদের জন্য কাজ করতে হবে।’