বুড়িয়ে গেলেন তিশা!

প্রশ্নটা শুনেই হাসলেন তিশা। ‘আসলে বয়সী নারীর চরিত্রে অভিনয় করাটা একটু কঠিন। কারণ, এখন তো বলা যাবে না বয়স্ক হওয়ার পর আমাকে কেমন দেখাবে। শুরুতে মেকআপ নিয়ে একটু ভয় ছিল। শেষ পর্যন্ত মনে হয় ভালোই হয়েছে। নাটকটির পেছনে পরিচালকের বেশ যত্ন ছিল।’
কথা হচ্ছিল বিজয় দিবসের নাটক রক্তস্নান নিয়ে। এ নাটকে তিশাকে বয়স্ক নারী হিসেবে দেখবেন দর্শক। তবে মাত্র একটি দৃশ্যে। মেজবাহউদ্দিন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। গতকাল বুধবার পর্যন্ত গাজীপুরের ভবানীপুরে চলেছে নাটকটির শুটিং।
এই নাটকে আরও অভিনয় করছেন জাহিদ হাসান ও শতাব্দী ওয়াদুদ। তিশা বলেন, ‘জাহিদ ভাইয়ের সঙ্গে বেশ কিছুদিন পরে কাজ করলাম। আর গল্পটি ভালো। আমার মনে হয় ওই সময়টায় একটা ভালো গল্প দর্শক দেখবেন।’
নাটক নিয়ে হিমেল আশরাফ বলেন, ‘১৯৭১ সালের গল্প। ওই সময়েরই তিনটি চরিত্রে অভিনয় করেছেন তিনজন। আর বৃদ্ধার চরিত্রের মাধ্যমে বহু বছর পরে পুরো গল্পের রহস্য উন্মোচিত হয়েছে।’ ১৬ ডিসেম্বর দেশ টিভিতে প্রচারিত হবে নাটকটি।