বুড়ো হয়ে গেছেন চঞ্চল!

চেনা চেনা লাগে তবু অচেনা। ফেসবুকে চঞ্চল চৌধুরীর পোস্ট করা ছবি দেখে হঠাৎ তেমনই মনে হতে পারে। অনেকে আবার এও ভাবতে পারেন, একি হাল হয়েছে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর। মুখভর্তি দাড়ি, মাথার সব চুল সাদা, পরনে গোলগলার সাদা গেঞ্জি। যেমনটা এর আগে চঞ্চলকে দেখা যায়নি। ছবি দেখে হঠাৎ যে কারোরই মনে হতে পারে, চঞ্চল চৌধুরীর বয়সটা কি বেড়ে গেছে? আসলে তেমন কিছুই নয়। নতুন একটি কাজের জন্য এমন বেশভূষা নিয়েছেন তিনি। তবে এটি নাটক কিংবা চলচ্চিত্রের জন্য নয়, নতুন একটি বিজ্ঞাপনচিত্রে তাঁকে এমনরূপে দেখা যেতে পারে।
চঞ্চল চৌধুরীর নতুন এই বিজ্ঞাপনচিত্রটির নির্মাতা অমিতাভ রেজা। চঞ্চল বলেন, ‘অনেক দিন পর নতুন বিজ্ঞাপনচিত্রের কাজ করলাম। এর মাধ্যমে অমিতাভ রেজার সঙ্গেও প্রথমবারের মতো বিজ্ঞাপনচিত্রে কাজ করা হলো। এটাও নতুন একটি অভিজ্ঞতা হবে। এখানে আমাকে অন্য রকম একটি লুকে দেখা যাবে, এ জন্য রূপসজ্জাশিল্পী মোহাম্মদ আলী ভাইকে ধন্যবাদ।’
অমিতাভ রেজার নির্দেশনায় কিছুদিন আগে সিনেমার কাজ শেষ করেছেন চঞ্চল চৌধুরী। নতুন চলচ্চিত্র ‘আয়নাবাজি’ শিগগিরই মুক্তি পাবে। এই ছবিতে চঞ্চলকে বেশ কয়েকটি রূপে দেখা যাবে।