বেশ কজন অমিত-লাবণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ কবিতা নাটকে নাদিয়া ও মার্শাল
শেষ কবিতা নাটকে নাদিয়া ও মার্শাল

এবারের রবীন্দ্রজয়ন্তীতে খোঁজ মিলেছে বেশ কজন ‘অমিত-লাবণ্যের’। শেষের কবিতা উপন্যাসের এই দুই চরিত্রকে নিয়ে ২৫ বৈশাখের জন্য বিভিন্ন টিভি চ্যানেলে তৈরি হচ্ছে একাধিক নাটক-টেলিফিল্ম।
বেশ কয়েকজন নাট্যনির্মাতা শেষের কবিতা উপন্যাসটির ছায়া অবলম্বনে নির্মাণ করছেন নাটক ও টেলিছবি। এর মধ্যে এগিয়ে আছেন নির্মাতা অনন্ত হিরা। তিনি শেষের কবিতা শিরোনামেই নির্মাণ করেছেন আট পর্বের ধারাবাহিক নাটক। শুটিং হয়েছে হবিগঞ্জের বাহুবল থানার মধুপুর চা-বাগানে। নাটকটি প্রচারিত হবে বিটিভিতে। ২৫ বৈশাখের আট দিন আগে থেকেই প্রচার শুরু হবে এটি।

ছায়াবৃত্তে শেষের কবিতা নাটকের দৃশ্যে তিশা ও নিশো
ছায়াবৃত্তে শেষের কবিতা নাটকের দৃশ্যে তিশা ও নিশো

শেষ পর্ব প্রচারিত হবে রবীন্দ্রজয়ন্তীর দিন। এতে অমিত চরিত্রে থাকছেন অনন্ত হিরা ও লাবণ্য হয়েছেন নূনা আফরোজ।
শেষের কবিতার ছায়া অবলম্বনে আবু হায়াত মাহমুদ নির্মাণ করেছেন ছায়াবৃত্তে শেষের কবিতা। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তিশা ও আফরান নিশো। পরিচালক জানান, বর্তমান সময়ে অমিত-লাবণ্যের আবেদন যে ফুরায়নি, তা-ই দেখানো হবে নাটকটিতে। প্রচারিত হবে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীতে এনটিভিতে।

শেষের কবিতা ধারাবাহিকে নূনা আফরোজ ও অনন্ত হিরা
শেষের কবিতা ধারাবাহিকে নূনা আফরোজ ও অনন্ত হিরা

উপন্যাসটির ছায়া অবলম্বনে আরও একটি নাটক নির্মাণ করেছেন পারভেজ আমিন। নাম দিয়েছেন শেষ কবিতা। এতে অমিত হয়েছেন মার্শাল ও লাবণ্যবেশে থাকছেন নাদিয়া। তবে ২৫ বৈশাখে নয়, নাটকটি প্রচারিত হবে আরও পরে।
এই তিনটি ছাড়াও গত মাসে প্রচারিত হয়েছিল লাবণ্য নামের একটি টেলিছবি। এতেও ছিল শেষের কবিতার ছায়া। অভিনয় করেছিলেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার নাদিয়া ও নাঈম।