বেশিরভাগ তারকা শুটিংয়ের বিপক্ষে

করোনা মহামারির কারণে প্রায় দুমাস শুটিং বন্ধ। টেলিভিশন নাটকের সঙ্গে জড়িত ১২টি সংগঠনের যৌথ সিদ্ধান্তে আজ ১৭ মে নাটকের শুটিং করার অনুমতি দেওয়া হয়েছে। তবে ছোট পর্দার বেশিরভাগ তারকারা এখনই শুটিংয়ে অংশ নেবেন না বলে বদ্ধপরিকর।
করোনাভাইরাস সংক্রমনের শুরুর দিকে ১৮ মার্চ থেকে আন্তসংগঠনীয় সিদ্ধান্তে নাটকের শুটিং বন্ধ করা হয়। দুমাস বন্ধ থাকার পর রোজগার বন্ধ হয়ে গেছে অনেকের। ফলে এই পেশার অনেক মানুষই এখন আছেন আর্থিক সংকটে। বেশ কিছুদিন ধরে কিছু পরিচালক, স্বল্প আয়ের শিল্পী-কলাকুশলীরা শুটিং শুরু করার ব্যাপারে সংগঠনগুলোর কাছে দাবি জানিয়ে আসছিলেন। গত শুক্রবার প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশন, ডিরেক্টরস গিল্ড, অভিনয় শিল্পী সংঘ, নাট্যকার সংঘসহ ১২ সংগঠন যৌথভাবে ১৭ মে থেকে নাটকের শুটিংয়ের অনুমতি দিয়েছে। তবে সরকারী স্বাস্থ্যবিধিসহ অনেকগুলো শর্ত মেনে আগ্রহীরা শুটিং করতে পারবেন। পাশাপাশি সমিতিগুলোর নেতারা বলেছেনে, শুটিং করতে গিয়ে কেনো অপ্রীতিকর পরিস্থিতিতে পড়লে, শুটিং ইউনিটকেই সেই পরিস্থিতির দায় নিতে হবে, সংগঠনগুলো কোনো দায়ভার নেবে না। এসব মেনে শুটিংয়ে কোনো বাঁধা নেই।
গত শুক্রবার এই ঘোষণার পর ছোট পর্দার প্রায় ডজনখানেক অভিনয়শিল্পীর সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁরা কেউই এখন শুটিং করতে রাজি নন। এই পরিস্থিতির মধ্যে তাঁরা শুটিংয়ে অংশ নেবেন না বলে জানিয়ে দিয়েছেন। এমনকি কোনো নির্মাতাকে শিডিউলও দিচ্ছে না তাঁরা।
পরিস্থিতি বুঝে ঈদের পর শুটিংয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন এই সব অভিনেতা অভিনেত্রীরা।
অভিনেতা চঞ্চল চৌধরী জানান বর্তমান পরিস্থিতিতে শুটিং করার প্রশ্নই আসে না। প্রতিদিনই করোনা সংক্রমণের সংখ্যা বাড়ছে। যতই সতর্কতা অবলম্বন করা হোক, শুটিং ইউনিট মানেই জনসমাগম। এই পরিস্থিতির মধ্যে শুটিং করতে গিয়ে নিজের বিপদে পড়া সম্ভবনা আছে, তেমন পরিবারেরও। তিনি বলেন, 'অনেকেই আমাকে শিডিউলের জন্য ফোন দিচ্ছেন। কাউকে শিডিউল দিচ্ছি না। কারণ আমি এখন শুটিং করব না। এখন তো করোনা পরিস্থিতি আরও ভয়াবহ। এর মধ্যে কাজ করতে গিয়ে নিজেকে ঝুঁকির মধ্যে ফেলতে চাই না। পরিবারকেও না।'
তিনি বলেন, 'এই পরিস্থিতির মধ্যে “ঘরে বসে আয়নাবাজি” যেভাবে শুটিং করলাম, সে রকম ব্যবস্থা নিলে কাজ করা যাবে। অবস্থা বুঝে বিকল্প ব্যবস্থা নিয়েও কাজ করা যেতে পারে।'
এখন তো নয়ই, ঈদের পরও শুটিং শুরু করতে পারবেন কি না, তা নিয়ে চিন্তিত অভিনেতা অপূর্ব। তাঁর মতে, নিজের ভুল সিদ্ধান্তে পরিবার কেন ভুগবে? তিনি বলেন, 'এই পরিস্থিতির মধ্যে বাইরে গিয়ে শুটিং করা খুবই ঝুঁকির কাজ। শুধু আমার না, পুরো শুটিং ইউনিটেরই। একটা কথা মাথায় রাখতে হবে, প্রতিদিনই ভাইরাসে সংক্রমণ বাড়ছে। সুতরাং নিরাপত্তার জায়গাটা কমে আসছে। এই পরিস্থিতিতে আমি শুটিংয়ে গেলে আমার পরিবার তো নিরাপত্তার মধ্যে থাকতে পারছে না। কারণ শুটিং শেষে আমাকে বাসায় ফিরতে হচ্ছে। শুটিং থেকে আমি ভাইরাস বহন করে আনছি না, তার নিশ্চয়তা কোথায়।'

তিনি জানান, ঈদের পর পরিস্থিতি বুঝে যদি ভালো মনে করেন, তবেই তিনি শুটিংয়ে যাবেন। নয়তো আরও কিছু দিন অপেক্ষা করবেন। তবে বিকল্প ব্যবস্থায় ঘরে বসে কাজের সুযোগ করে দেওয়া হলে তাঁর কাজ করতে আপত্তি নেই।
এ ব্যাপারে আফরান নিশোর বক্তব্য হচ্ছে, শুটিং তো দূরের কথা, যতদিন পরিস্থিতি ভালো না হচ্ছে, ততদিন ঘর থেকে বাইরে বের হবেন না তিনি। এমনকি শিডিউলও দিচ্ছেন না। নিশো বলেন, 'করোনা পরিস্থিতি থেকে একটু ভালোর দিকে না গেলে বের হব না। জেনে-শুনে বিপদের মুখে পড়তে চাইছি না। আমি জানি অনেক শিল্পী-কলাকুশলী বিপদে আছেন। তবে আমাদের মতো শিল্পীরাও যে ভালো আছেন, তা না। কারণ যার আয় বেশি, তাঁর খরচও বেশি। একজন স্বল্প আয়ের মানুষের খরচও কম।'
নিশো বলেন, 'হুটহাট সিদ্ধান্ত নিয়ে কাজ করব না। এভাবে বসে থাকতে থাকতে জিরো হতেও রাজি। বেঁচে থাকলে আবার হিরো হওয়ার সুযোগ আসবে।'
এদিকে আন্তঃসংগঠনের এই সিদ্ধান্তের ব্যাপারে ক্ষোভ ঝাড়লেন নিশো। তিনি বলেন, 'কিছু শর্ত দিয়ে শুটিং করার অনুমতি দিলো সংগঠনগুলো! কিন্তু সমস্যায় পড়লে দায়ভার নেবে না। এ কোন ধরনের সিদ্ধান্ত? তাহলে অনুমতি দেওয়ার কি দরকার ছিল? বর্তমান পরিস্থিতি তো আরও ভয়াবহ। আমার মনে হয় এই অবস্থার মধ্যে শুটিং করাটা সবার জন্যই আত্মঘাতি হবে।'
এখনই কাজ করতে রাজি নন মেহজাবিনও। তিনি বলেন, 'কাজ তো করতেই হবে। তবে আপাতত কাজ না করার সিদ্ধান্ত নিয়েছি। আরও কিছু দিন দেখব। কাজ করা যায় কি না, ঈদের পর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেব।'
তিনি আরও বলেন, 'শুটিংয়ে দূরত্ব বজায় রেখে কাজ করা সম্ভব না। সহশিল্পী, মেক-আপম্যানদের সঙ্গে দূরত্ব বজায় রাখবেন কীভাবে? সৃতরাং এই অবস্থায় শুটিং করতে গিয়ে নিজে ঝুঁকির মধ্যে পড়তে পারি, আবার অন্যরাও আমার মাধ্যমে সংক্রমিত হতে পারেন।'
আরেক অভিনয়শিল্পী সাফা কবির বলেন, 'এই মুহূতে শুটিংয়ে যাওয়াটা ঠিক হবে না। তারকাদের লাখ লাখ ফ্যান-ফলোয়ার। ভক্তরা তাঁদের পছন্দের তারকাদের দ্বারা প্রভাবিত হন। যখন দেখবেন তাঁদের পছন্দের তারকারা মাঠে, তখন ভক্তরাও বাইরে বের হতে উৎসাহিত হবেন। ব্যাপারটা আরও ভয়াবহ হবে। সুতরাং এই পরিস্থিতিতে শুটিং করতে মোটেই রাজি না আমি।'
শবনম ফারিয়া, তানজিন তিশা, সাবিলা নুর, তৌসিফ মাহবুবদের সঙ্গে কথা বললে, তাঁরাও জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক না হরে তাঁরাও শুটিংয়ে অংশ নেবেন না।