বেসিক আলী আজ থেকে টিভিতে

কার্টুন স্ট্রিপ থেকে নির্মিত টেলিভিশন সিরিজ বেসিক আলী শুরু হচ্ছে চ্যানেল আইয়ে। এর আগে সিরিজটি দেখা যেত শুধু অনলাইনে। তবে টিভির পাশাপাশি ইউটিউবেও দেখা যাবে এই সিরিজ। আজ থেকে প্রতি শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় উপভোগ করা যাবে বেসিক আলীর নতুন পর্বগুলো।
গত বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় নির্মাতা প্রতিষ্ঠান বেসিক স্টুডিওস আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয় এসব তথ্য। এ সময় বেসিক আলীর কার্টুনিস্ট শাহরিয়ার খান বলেন, ‘আমরা কোনো নিয়মিত কমেডি সিরিজ তৈরি করিনি; কার্টুন চরিত্রের ওপর ভিত্তি করে তৈরি বলে একে কার্টুনিস্টিক উদ্ভট কমেডি বলা যায়। এটা সবার ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।’
টেলিভিশনে সিরিজটির প্রতিটি পর্বের দৈর্ঘ্য হবে ২০ মিনিট। এটি পরিচালনা করেছেন কাজল আরেফিন। ধারাবাহিকটিতে বেসিক চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। এ ছাড়া আরও আছেন বিজরী বরকতুল্লাহ, সাবিলা নূর, মীর নওফেল আশরাফি, রিফাত জাহান, আনন্দ আজিম, আবদুল্লাহ রানা প্রমুখ।
কার্টুন স্ট্রিপ হিসেবে বেসিক আলী ২০০৬ সালের নভেম্বর মাস থেকে প্রথম আলোর সম্পাদকীয় পাতায় নিয়মিত প্রকাশিত হয়ে আসছে।