বৈশাখীতে শুরু হচ্ছে ৩ ধারাবাহিক
নতুন তিনটি ধারাবাহিক নাটক নিয়ে আসছে বৈশাখী টেলিভিশন। নাটক তিনটি হলো কমেডি ৪২০, চাপাবাজ ও লেডি গোয়েন্দা। এ উপলক্ষে গত বুধবার চ্যানেলটির পক্ষ থেকে এক প্রীতিসন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, ২০ নভেম্বর থেকে নাটক তিনটি দেখা যাবে।
এর মধ্যে কমেডি ৪২০ নাটকটি টিপু আলমের মূল ভাবনায় রচনা করেছেন আকাশ রঞ্জন। এটির পরিচালক ফরিদুল হাসান। শনি থেকে সোমবার নাটকটি রাত ৮টা ৪০ মিনিটে দেখানো হবে। এতে অভিনয় করছেন আমিরুল হক চৌধুরী, মীর সাব্বির, আলভী, হুমায়রা হিমু, চিত্রলেখা গুহ, মুনিরা মিঠু, কচি খন্দকার, ম ম মোর্শেদ প্রমুখ। এদিকে চাপাবাজ দেখানো হবে শনি থেকে সোমবার রাত ৯টা ২০ মিনিটে। এটি রচনা ও পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর। অভিনয় করছেন চিত্রনায়িকা সুজাতা, ইনামুল হক, ফেরদৌসি লিনা ও শবনম পারভীন। লেডি গোয়েন্দা নাটকটি প্রচারিত হবে মঙ্গল থেকে বুধবার রাত ৮টা ৪০ মিনিটে। এটি রচনা করেছেন ফজলুল করিম ও মমর রুবেল। এর পরিচালক ডি এ তায়েব। এই নাটকে অভিনয় করছেন হুমায়রা হিমু, ফারজানা চুমকি ও শাহেদ শরীফ খান।