বোষ্টমির দেখা মিলবে আজ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গল্পগুচ্ছ’ গ্রন্থের একটি ছোটগল্প ‘বোষ্টমি’। এ গল্পটিকে টিভি নাট্যরূপ দিয়ে নির্মাণ করা হয়েছে বিশেষ নাটক ‘নিরুদ্দেশ যাত্রা’। নাটকটিতে বোষ্টমির চরিত্রে অভিনয় করেছেন অভিনয়শিল্পী মৌটুসি বিশ্বাস। এটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কাওনাইন সৌরভ।
রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে নাটকটি আজ প্রচার হবে বাংলাভিশনে রাত ৯টা ৫ মিনিটে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মৌটুসি বললেন, ‘এর শুটিং হয়েছে মানিকগঞ্জে। সপ্তাহ খানেক আগে প্রচণ্ড গরমের মধ্যে শুটিং করতে হয়েছে। তবে কাজটি শেষ করার পর অন্য রকম লেগেছে। রবীন্দ্রনাথের গল্পে এর আগেও কাজ করেছি। কিন্তু এটা একটু আলাদা। নির্মাতা বেশ যত্ন নিয়েছেন কাজটির ব্যাপারে।’
নাটকটিতে মৌটুসিকে দেখা যাবে একটু ভিন্ন ধরনের পোশাকে। এ ব্যাপারে মৌটুসি বললেন, ‘বোষ্টমির যে ধরনের পোশাক–আশাক ছিল, সেটাই নেওয়া হয়েছে। তবে এই সময়ে ওসব পাওয়া একটু কঠিন ছিল। সবার সহযোগিতায় পোশাক ও প্রপস সংগ্রহ করা গেছে।’
নাটকটিতে আরও অভিনয় করেছেন সজল, রওনক হাসান, শশী, শফিক খান দিলু ও আবৃত্তিকার মাহিদুল ইসলাম।