ব্যতিক্রমী লোভের গল্প নিয়ে 'মনুষ্যত্ব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মনুষ্যত্ব’ নাটকের দৃশ্য
‘মনুষ্যত্ব’ নাটকের দৃশ্য

কথায় বলে, লোভে পাপ পাপে মৃত্যু। তার পরও লোভ মানুষের পিছু ছাড়তে চায় না। লোভনীয় কোনো সুযোগ সামনে এলে অনেক মানুষেরই লোভী কুৎসিত চেহারা উন্মোচিত হয়ে পড়ে। লোভনীয় বস্তু পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে মানুষ। এমনকি নিজের ক্ষতি করেও যেকোনো উপায়ে তা পেতে চায় সে। ব্যতিক্রমী এক লোভের গল্প নিয়ে ‘মনুষ্যত্ব’ শিরোনামের নাটক নির্মাণ করেছেন আরিফ রহমান। একক নাটকটি এনটিভিতে প্রচারিত হবে আগামীকাল রোববার।

এনটিভি সূত্রে জানা গেছে, আগামীকাল রোববার রাত ৯টায় এনটিভির পর্দায় ‘মনুষ্যত্ব’ নাটকটি দেখতে পারবেন দর্শকেরা। আরিফ রহমানের রচনা ও পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, ভাবনা, সুমন পাটওয়ারী, গোলাম সারওয়ার প্রমুখ।

‘মনুষ্যত্ব’ নাটকের গল্প গড়ে উঠেছে একটি গাড়ি প্রতিযোগিতাকে কেন্দ্র করে। সবচেয়ে বেশি সময় যে গাড়িতে হাত দিয়ে রাখতে পারবে, সে হবে গাড়িটির মালিক। প্রথমে বিষয়টি খুব সহজ মনে হলেও, ধীরে ধীরে দেখা দেয় নানা ধরনের সমস্যা। দিন গড়িয়ে রাত, রাত পেরিয়ে আবার দিন শুরু হয়। এভাবে চলতে চলতে কেউ ক্ষুধার যন্ত্রণায়, আবার কেউ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়তে শুরু করে। কিন্তু কিছু মানুষ সব ভুলে গিয়ে গাড়ি থেকে হাত নামায় না। একসময় প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। গাড়িটি পাবার জন্য কিছু মানুষের জীবন চলে যাওয়ারও উপক্রম হয়। কিন্তু তার পরও গাড়ির মালিক হওয়ার লোভে গাড়ি থেকে হাত নামায় না তারা।