ব্যস্ত থাকার চেষ্টায় ১৫ নাটকে ফারিয়া

একটি-দুটি নয়, ঈদের ১৫টি নাটকে অভিনয় করলেন অভিনেত্রী শবনম ফারিয়া। এর মধ্যে ২টি ছয় পর্বের ধারাবাহিক ও ১৩টি এক ঘণ্টার নাটক।
এবার এত নাটকে কেন—জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘বাবা মারা গেছেন ৪০ দিনের বেশি হয়ে গেল। আমি সবার ছোট। বাবার খুব আদরের ছিলাম। বাবার মৃত্যুর পর অনেকটাই ভেঙে পড়েছিলাম। সেই সময় আমার পরিবার, মিডিয়ার বন্ধুরা সবাই চাইছিল আমি যেন নিজেকে কাজে ব্যস্ত রাখি। তাই টানা কাজ করেছি।’ অভিনেত্রী শবনম ফারিয়ার বাবা মীর আবদুল্লাহ গত ১৬ জুলাই রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হার্ট অ্যাটাকের পর সাত দিন ফারিয়ার বাবা ছিলেন হাসপাতালের নিবিড় পরিচর্যায়। বাবার মৃত্যুর পর ফারিয়া নিজেকে সামলে নিতেই একের পর এক কাজ হাতে নিতে থাকেন। তিনি বলেন, ‘কাজের মধ্যে থাকলে আমার অন্যদিকে খেয়াল থাকে না।’ তাই ঘুরে দাঁড়ানোর প্রত্যয়েই ফারিয়ার এবার এতগুলো নাটকে অভিনয় করা।
শবনম ফারিয়া অভিনীত ঈদের নাটকগুলো হলো ফান্দে পড়িয়া বগা কান্দে (ছয় পর্ব), মিস্টার জেক্স, জরুরী বিবাহ, হানিমুন প্যাকেজ, আনার কলি, বৈরাগীর গান, হোক কলরব, প্রেমের রঙে রাঙানো, ব্ল্যাঙ্ক ভার্স, না জাগতিক না পুরাণ, মিস্টার অ্যান্ড মিসেস রাইট, নিয়তির মুচকি হাসি, হ্যাপি এন্ডিং, ফানি ভিডিও এবং নাম ঠিক না হওয়া ছয় পর্বের একটি ধারাবাহিক।
কিন্তু এক ঈদেই এত নাটকে বারবার ফারিয়ার উপস্থিতি কি দর্শকমনে বিরক্তির সৃষ্টি করবে না—এমন প্রশ্নে এই শিল্পী বলেন, ‘আমার প্রতিটি চরিত্রেই ভিন্নতা আনার চেষ্টা করেছি। চরিত্রগুলো ছিল চ্যালেঞ্জিং। একেক নাটকে একেক রূপে আমাকে পাবেন দর্শকেরা। আশা করছি, বিরক্ত হবেন না তাঁরা।’