‘ব্যাটে–বলে মিলে গেছে’
নাটকে নিয়মিতই অভিনয় করেন সাবিলা নূর। বিজ্ঞাপনও করেন। এবার মিউজিক ভিডিওতে মডেল হলেন ছোট পর্দার এই অভিনেত্রী। গানটির শিরোনাম এখনো ঠিক হয়নি। কবির বকুলের লেখা গানটি গেয়েছেন ইমরান মাহমুদুল। শনিবার থেকে ঢাকার লোকেশনে শুটিং শুরু হয়েছে গানটির।
এ ব্যাপারে সাবিলা বলেন, ‘নাটকে তো অভিনয় করিই। এ ছাড়া বিজ্ঞাপনে মডেল কিংবা ফটোশুটও করা হয়। কিন্তু কখনো মিউজিক ভিডিওর মডেল হওয়া হয়নি। তা ছাড়া ভাবলাম, নতুন একটা কিছু করা যেতেই পারে। পরীক্ষামূলকভাবে কাজটি করে দেখিই না, কেমন হয়। এ কারণে কাজটি করছি।’
শুরুতেই এই গানটি দিয়ে কেন?—জানতে চাইলে, ‘এটি যে গানের সঙ্গে শুধুই অঙ্গভঙ্গি দিয়ে মডেল হিসেবে কাজ করছি, তা নয়। গানে একটি গল্পও আছে। পাশাপাশি সেই গল্পে অভিনয়ও করতে হচ্ছে। এর আগে এভাবে মিউজিক ভিডিও করা আমি দেখিনি। তা ছাড়া দেখলাম ইমরানের গান তো ভালো হয়। সবাই তাঁর গান পছন্দ করেন। আমার নিজেরও তাঁর গানে কাজ করার আগ্রহ ছিল। গানটি লেখাও আমার পছন্দের মানুষ বকুল ভাইয়ের। সবকিছুতেই ব্যাটে–বলে মিলে গেছে।’
কাজটির দ্বিতীয় দিন শুটিং চলছে। কেমন হচ্ছে?—এ ব্যাপারে এই অভিনেত্রী বলেন, ‘শনিবার ঢাকার কচিকাঁচা মিলনায়তনে শুটিং করেছি। আমরা এখন তিন শ ফিটে কাজ করছি। ইউনিটের টিমটা বেশ গোছালো। গানের ভিডিওতে কাজের অভিজ্ঞতা নাই আমার। গানের মধ্যে ইমরান ভাইও মডেল হিসেবে আছেন। কাজের সময় তিনিও সহযোগিতা করছেন আমাকে। সব মিলে ভালো হচ্ছে কাজ।’
গানটির সুর-সংগীত করেছেন ইমরান নিজেই। মিউজিক ভিডিওটি পরিচালনা করছেন সৈকত রেজা। তিনি জানান, আজ শেষ হয়েছে শুটিং। এটি আগামী ঈদুল ফিতরে সিএমভিতে প্রকাশের কথা আছে।