বড় আয়োজন নিয়েই ফিরব...

উপস্থাপনায় নিজেকে চিনিয়েছেন আগেই। এখন নিয়মিত উপস্থাপনা ছেড়ে অনেকটা আড়ালেই চলে গেছেন সামিয়া আফরিন। কারণও আছে। বেশ কিছুদিন হলো একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের দায়িত্বশীল পদে আছেন তিনি। এ কারণেই খানিকটা দূরে আছেন নিয়মিত উপস্থাপনা থেকে। বললেন, ‘আমি গাজী টিভির কোয়ালিটি অ্যাশুরেন্স ম্যানেজার (প্রোগ্রাম) হিসেবে দায়িত্ব পালন করছি। তাই নির্মাণের বেশ কিছু দিক দেখতে হয়। নিয়মিত উপস্থাপনা করার সুযোগ হয়ে ওঠে না। তবে কোনো ক্রিকেট টুর্নামেন্ট চলার সময় উপস্থাপনা করার চেষ্টা করি।’
তবে সামিয়া নিয়মিত উপস্থাপনা না করলেও উৎসবকেন্দ্রিক উপস্থাপনা করেন। যেমন এবারের ঈদে সাত দিন ধরে উপস্থাপনা করলেন ‘সেলিব্রেটি ফেস্ট’ নামে একটি অনুষ্ঠান। বিভিন্ন অঙ্গনের তারকারা উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে।
সামিয়া বলেন, ‘এ রকম বিশেষ কোনো অনুষ্ঠান হলে করা হয়। তবে আমি খুব তাড়াতাড়ি বড় একটা অনুষ্ঠান নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছি। সে রকম কথাবার্তা চলছে। খুব তাড়াতাড়ি জানতে পারবেন সবাই।’