বড়পর্দায় মূল চরিত্রে ফজলুর রহমান বাবু

টিভি নাটকের পাশাপাশি সময়-সুযোগ, চিত্রনাট্য পছন্দ হলে ছবিতেও অভিনয় করেন ফজলুর রহমান বাবু। কিন্তু এখনো পর্যন্ত কোনো ছবির মূল চরিত্রে অভিনয় করা হয়নি তাঁর। এবারই প্রথম কোনো সিনেমার মূল চরিত্রে অভিনয় করলেন ফজলুর রহমান বাবু। এ ছবির নাম ‘নুরু মিয়া এবং তাঁর বিউটি ড্রাইভার’। নির্মাতা মিজানুর রহমান লাবু।
ফজলুর রহমান বাবু অভিনীত শুটিং শেষ হওয়া সর্বশেষ ছবিটি হচ্ছে তৌকির আহমেদের ‘অজ্ঞাতনামা’। সম্প্রতি নতুন ছবির কাজ শুরু করেছেন তিনি। ঢাকার গুলশানের কড়াইল বস্তি ও মগবাজার এলাকায় ছয় দিন এ ছবির শুটিং করেছেন ফজলুর রহমান বাবু।
ছবির গল্প প্রসঙ্গে ফজলুর রহমান বাবু প্রথম আলোকে বলেন, ‘ছবিটির গল্প ভিক্ষাবৃত্তিকে কেন্দ্র করে। এ ছবিতে আমাকে একজন ভিক্ষুক হিসেবে দেখানো হয়েছে। চাইলে, আমি অন্য যেকোনো কাজই করতে পারতাম; কিন্তু ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে বেছে নিই।’ তিনি বলেন, ‘এক সময় আমার সঙ্গে পরিচয় হয় ‘বিউটি’ নামের একটি মেয়ের। সে জড়িত পতিতাবৃত্তিতে। একপর্যায়ে আমাদের বিয়ে হয়। আর এর মধ্যেই ঘটতে থাকে নানা ঘটনা। এভাবেই এগিয়ে যায় নুরু মিয়া ও তাঁর বিউটি ড্রাইভার ছবির গল্প।’
ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন ফজলুর রহমান বাবু। এ প্রসঙ্গ উঠতেই বাবু বলেন, ‘আমার কাছে কোনটি মূল, কোনটি ছোট চরিত্র— তা কোনোভাবেই ম্যাটার করে না। আমার কাজ হচ্ছে অভিনয় করা।’ তিনি বলেন, ‘আমি আমার চরিত্র ঠিকভাবে বুঝে পেলে সেটাকে বাস্তবসম্মত করে তোলার চেষ্টা করি। আমার সব মনোযোগ থাকে সেদিকেই।’
‘নুরু মিয়া ও তাঁর বিউটি ড্রাইভার’ ছবিতে নুরু মিয়ার চরিত্রটিতে অভিনয় করতে কেমন লাগছে লাগছে জানতে চাইলে বাবু বলেন, ‘সাধারণত যে ধরনের কাজ এখন হয় তার থেকে এটা একটু অন্য ধরনের। তাই এ ধরনের চরিত্রে চ্যালেঞ্জটা একটু বেশিই থাকে। কাজ করতে গিয়ে কিছুটা কঠিনই মনে হচ্ছে। কিন্তু খুব ভালোও লাগছে।’
‘নুরু মিয়া ও তাঁর বিউটি ড্রাইভার’ ছবিতে অভিনয়ের পাশাপাশি একটি গানেও কণ্ঠ দেওয়ার সম্ভাবনা রয়েছে ফজলুর রহমান বাবুর। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পরিচালক চেয়েছেন, আমি যেন এ ছবিতে একটি গান গাই।’