ভরদুপুরে এক শুটিংয়ে

পাশাপাশি দুটি চেয়ারে বসে আড্ডা দিচ্ছিলেন জাহিদ হাসান ও চঞ্চল চৌধুরী। তাঁদের আলোচনার বিষয়বস্তু বুঝতে বেশিক্ষণ সময় লাগল না। ‘আমরা এখনকার নাটক নিয়ে কথা বলছি। কী হচ্ছে? কী করছি আমরা—এসব আর কি। আছে বিভিন্ন সংগঠনের চলমান আন্দোলন প্রসঙ্গও।’ জানালেন তাঁরা।
রাজধানীর তেজগাঁওয়ের কোক স্টুডিওতে একটি ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে কাজ করতে তাঁরা এক হয়েছেন বলে জানালেন জাহিদ ও চঞ্চল। কারওয়ান বাজার থেকে কোক স্টুডিওতে যখন পৌঁছাই, তখন ঘড়ির কাঁটায় বেলা তিনটা। ‘ছয় মাস ধরে আমাদের নিয়ে একসঙ্গে কাজ করার চেষ্টা চলছিল। এর মধ্যে চঞ্চলের সময় ম্যানেজ করা যাচ্ছিল না। ফাইনালি কাজটি এখন করা হচ্ছে।’ বললেন জাহিদ।
কোক স্টুডিও সাধারণত সব সময় শুটিংমুখর থাকে। এদিন সেখানে জাহিদ-চঞ্চল পুরো এলাকা মাতিয়ে রাখেন। তাঁদের দেখতে দর্শনার্থীদের ভিড় যেমন ছিল, তেমনি টেলিভিশন ক্যামেরা এবং কয়েকটি পত্রিকার সাংবাদিকেরাও এসেছেন। জাহিদ ও চঞ্চলের সঙ্গে কথা বলার একপর্যায়ে দেখা গেল, সামনে দিয়ে যাচ্ছিলেন দিলারা জামান। তিনি এই বিজ্ঞাপনচিত্রে জাহিদ হাসানের মায়ের চরিত্রে অভিনয় করছেন।
তখনো শুটিংসেটে এসে পৌঁছাননি ফারহানা মিলি। মনপুরা ছবিতে একসঙ্গে অভিনয় করে আলোচনায় আসেন চঞ্চল ও মিলি। মাঝে অবশ্য একটি নাটকে জুটি হয়েছিলেন এই দুজন। এবার বিজ্ঞাপনচিত্রেও দেখা মিলবে তাঁদের।
এর মধ্যে দুপুরের খাবারের ডাক পড়ল। খাবারের টেবিলে চিত্রগ্রাহক রাশেদ জামানের সঙ্গে আড্ডায় মেতে উঠলেন চঞ্চল। তাঁর সঙ্গে আয়নাবাজি সিনেমায়ও কাজ করেছিলেন তাঁরা। তাই তো দুজন মিলে আয়নাবাজি সিনেমার শুটিংয়ের সময় জেলখানায় কাটানো মজার ও ভয়ংকর ঘটনার স্মৃতিচারণা করছিলেন। এর মধ্যে স্পটে চলে আসেন মিলি। রূপসজ্জা নেওয়ার আগে চারজন মিলে ফটোসেশনে অংশ নেন।
যে পণ্যের বিজ্ঞাপনচিত্রের শুটিং করছেন, সেটির শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত আছেন জাহিদ হাসান। ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী এই প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রটি খুব শিগগির প্রচার শুরু হবে।