ভাইয়ের সুর-সংগীতে স্বাগতার গান

অভিনয়শিল্পী স্বাগতার ভাই সন্ধি এ সময়ের ব্যস্ত সুরকার ও সংগীত পরিচালকদের একজন। তাঁর সুরে ও সংগীতে স্বাগতার ছোট বোন সভ্যতা অনেক গান গেয়েছেন। এবার গাইলেন বড় বোন স্বাগতা। এটি একটি লোকগানের নতুন সংগীতায়োজন।
‘আজি ভাল করিয়া’ গানটিতে সম্প্রতি কণ্ঠ দিয়েছেন স্বাগতা। ঈদের জন্য নির্মিত ‘কমলা সুন্দরী’ নাটকের টাইটেল গান হিসেবে এটি ব্যবহৃত হবে। নাটকের পরিচালক সুমন আনোয়ার।

এই মুহূর্তে মানিকগঞ্জে নাটকটির শুটিংয়ে ব্যস্ত আছেন স্বাগতা। বৃহস্পতিবার রাতে সেখান থেকে মুঠোফোনে তিনি প্রথম আলোকে বললেন, ‘অভিনয়ের পাশাপাশি এই নাটকের টাইটেল গানটা আমি গাইলাম। সন্ধির সঙ্গে “মহাকাল” ব্যান্ডে থাকা অবস্থায় গান করেছি। তখন অবশ্য ব্যান্ডের সবাই মিলে কথা ও সুর করত। কিন্তু এটির কম্পোজিশন পুরোপুরি সন্ধির নিজস্ব চিন্তাভাবনা। লোকগানের ধাঁচের এই গানটি আমার ভীষণ পছন্দের। চেষ্টা করেছি, নিজের মতো করে গানটি গাইবার।’
নাটকে বাউল পরিবারের একজন মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে স্বাগতাকে। জানালেন, ‘এই নাটকের একটি নয়, মোট পাঁচটি গানে কণ্ঠ দেব আমি।’
সন্ধি বললেন, ‘মূল সুর ঠিক রেখে যতটা আধুনিক ও মার্জিতভাবে গানটি উপস্থাপন করা যায় সেই চেষ্টাটা করেছি। স্বাগতার গায়কি শ্রোতাদের ভালো লাগবে।’ তিনি আশা করেন, ‘নতুনত্ব হিসেবে বেজ গিটার, মেন্ডোলিন, দোতারা এসবের ব্যবহার শ্রোতাদের ভালো লাগবে।’