ভাবনার ভাবনায় শুধু 'নয়নতারা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাবনা
ভাবনা

টিভি অভিনয়শিল্পী ভাবনা গত বছরের শেষ দিকে চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। অনিমেষ আইচ পরিচালিত ছবিটির নাম ‘জেদ’। এ ছবিতে নয়নতারা চরিত্রে অভিনয় করবেন ভাবনা। অক্টোবরে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা থাকলেও এখনো তা হয়নি। যখনই মনস্থির করলেন ছবির কাজ শুরু করবেন, তখন থেকে নাটকে অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেন ভাবনা। বললেন, ‘এবারই প্রথম বড় পর্দায় কাজ করতে যাচ্ছি। খুব কঠিন একটি প্লট। অসাধারণ গল্প। অভিনয়ের বিশাল সুযোগ। তাই পুরো ব্যাপারটি নিয়ে আমাকে প্রচুর ভাবতে হয়েছে। আমিও তাই পুরোপুরি নয়নতারা চরিত্রে বসবাস করতে চাচ্ছি। এর মধ্যে অন্য কোনো কিছুই আমাকে ভাবাচ্ছে না। কোনো নাটক করছি না। কারণ, আমি আসলে নয়নতারা থেকে বের হতে চাই না।’

শোবিজে ভাবনার যাত্রা শুরু হয়েছিল মডেলিং দিয়ে। এরপর অভিনয়। এখন আবারও ভাবনার ভাবনায় শুধুই চলচ্চিত্র। যখন যা করেছেন, তা নিয়েই ব্যস্ত ছিলেন। 

ভাবনা বলেন, ‘মডেলিংয়ের পর নাটকে যখন আসি, তখন পরিচিত অনেকে আবার বিজ্ঞাপনচিত্রেও কাজ করার প্রস্তাব দেন। সেদিকে পা বাড়াইনি। আমার ভাবনায় এখন শুধুই অভিনয়। আমি আমার দর্শকদের দ্বিধাদ্বন্দ্বে ফেলতে চাই না। অভিনয় ও মডেলিং করলে একটা সময় দর্শকদের মাঝে পরিচয় সংকট তৈরি হবে। আমি তা কোনোভাবেই করতে চাই না।’

মাত্র কয়েক বছরের অভিনয় ক্যারিয়ারে হাতেগোনা কয়েকটি নাটকে অভিনয় করেছেন ভাবনা। এর মধ্যে বেশির ভাগ কাজই প্রশংসিত হয়েছে। 

ভাবনা বলেন, ‘আমি কোনোদিন সংখ্যার দিকে তাকাইনি। আমি চেয়েছি গুণগতমান। আমার পরিচিত অনেক বন্ধুবান্ধবই আমাকে বলত, “ভাবনা, অনেক অনেক কাজ কর। তারপর মানের দিকে তাকা।” শুরু থেকে আমি তা চাইনি।’ 

ভাবনা এও বলেন, ‘ আমি টাকার জন্য অভিনয়ে আসিনি। পুরোপুরি ভালোবাসার জায়গা থেকে অভিনয়ে এসেছি। অভিনয়টাকে আমি কখনো পেশা হিসেবে নিতেও চাই না। তাহলে হয়তো আমি অভিনেত্রী হতে পারব না। টাকা কামানোর জন্য কাজ করলে কাজের সংখ্যা হয়তো বেশি হতো, কিন্তু প্রশংসিত কিছু কাজ যে করেছি তা হয়তো সম্ভব হতো না। এটা একান্তই আমার নিজস্ব অভিমত।’

ভাবনার প্রথম চলচ্চিত্র ‘জেদ’-এর শুটিং শুরু হবে মার্চ মাসে। এই সময় পর্যন্ত ভাবনা কোনো নাটকের কাজ নিচ্ছেন না। অভিনয় থেকে দূরে আছেন। তাহলে কীভাবে ভাবনার সময় কাটছে-জানতে চাইলে বললেন, ‘সময়টা যখন বেশি পেয়েছি, তখন কিছুটা খুশিই হয়েছি। কারণ, যে চরিত্রে কাজ করব, তার জন্য প্রচুর প্রস্তুতির দরকার। প্রতিনিয়ত মহড়া করছি। পোশাকসহ বিভিন্ন ব্যাপারগুলো নিয়ে আলোচনা চলছে। ছবি দেখছি।পড়ছি। এদিকে সময় যত ঘনিয়ে আসছে, ততই ভয়ও বাড়ছে। পাশাপাশি উন্মুখ হয়ে আছি অভিনয় শুরুর জন্য।’
‘জেদ’ ছবির নয়নতারা চরিত্রটির সঙ্গে ভাবনার সত্যিকার জীবনের ৫০ শতাংশ মিলে যায়। ভাবনার ভাষায়, ‘ব্যক্তিজীবনে আমি যেমন প্রাচুর্যের মধ্যে বড় হয়েছি, “জেদ”-এর নয়নতারাও তাই। এরপরই তার কষ্টের জীবন-ব্যক্তি আমার সঙ্গে তার বাকি ৫০ শতাংশ অমিল এখানেই।’